নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২২ ১৮:৫৮ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২২ ১২:৩৪ পিএম
ছবি সংগৃহীত
চতুর্থ দিনের মতো লেনদেন ও সূচকের উত্থান হয়েছে দেশের পুঁজিবাজারে। লেনদেনের পাশাপাশি দর বাড়ায় চার দিন ধরেই নেতৃত্ব দিচ্ছে টেক্সটাইল খাতের শেয়ার। তবে সপ্তাহের চতুর্থ দিনে দর বাড়ায় এগিয়ে আছে ব্যাংক খাতের শেয়ার। এ খাতের তালিকাভুক্ত ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির দর। সূচক বাড়ায় বড় ভূমিকা রেখেছে ব্যাংক খাত।
তবে বুধবারও (৩ আগস্ট) লেনদেনের শীর্ষে ছিল টেক্সটাইল খাতের শেয়ার। মোট লেনদেনের ১৯ দশমিক ৩৮ শতাংশ বা ২২৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে এ খাতের।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১ হাজার ১১৯ কোটি ৫৪ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ১ হাজার ১৮৩ কোটি ৩২ লাখ টাকা। লেনদেন মাত্র ১ কোটি টাকা বাড়লেও সূচকে বড় উত্থান হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০০ পয়েন্টে। লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্য দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির দর।
বুধবার ডিএসইর এসএমই বোর্ডের সূচকেও উত্থান হয়েছে। ডিএসএমই-এক্স ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৯ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১টির এবং কমেছে ২টির।
অপরদিকে ডিএসইর ধারাবাহিকতায় চট্টগ্রাাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ১৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৮৩ পয়েন্টে। তবে মঙ্গলবারের তুলনায় ৪ কোটি ৫৪ লাখ টাকা লেনদেন বেড়ে হয়েছে ২১ কোটি ৪৯ লাখ টাকা।
/জেআই/ম.ই