প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২ ২০:১৩ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ২০:২৭ পিএম
দেশের মানুষের মাথাপিছু আয় কিছুটা বেড়েছে। বিদায়ী ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২৪ ডলার।
আগের ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার।
সোমবার (১৪ নভেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২১-২২ অর্থবছরের কার্যাবলি-সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উপস্থাপন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে বৈঠকের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২৫ শতাংশ (সাময়িক), বাংলাদেশে মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলার নিরূপিত হয়েছে।
এ সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ৩ লাখ ৪২ হাজার ৪০০ কোটি টাকা, রাজস্ব আদায় বৃদ্ধির হার ৪ দশমিক ১৮ শতাংশ। বাংলাদেশের রপ্তানির পরিমাণ ৩৪ দশমিক ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৮ বিলিয়ন ডলার।
২০২১-২২ অর্থবছরে সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ ২১ দশমিক ০৩ বিলিয়ন ডলার। এ সময়ে ৯ লাখ ৮৪ হাজার ৭৫৯ জন বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন।
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ১ হাজার ৮৩৬টি প্রকল্পে ব্যয় হয় ২ লাখ ৩ হাজার ৭৮৩ কোটি টাকা, যা বরাদ্দের ৯২ দশমিক ৮০ শতাংশ। এই অর্থবছরে ৩৩৩টি প্রকল্প শেষ হয়েছে।
২০২১-২২ অর্থবছর শেষে ১৬ দশমিক ০৭ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ছিল, যা বিগত অর্থবছরের তুলনায় ১০ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই অর্থবছরে সার, সেচ কাজে বিদ্যুৎ, ইক্ষু ইত্যাদি খাতে ১৫ হাজার ১৭২ দশমিক ৭৯ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।