টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪ ২০:০০ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪ ২০:১১ পিএম
শনিবার টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। প্রবা ফটো
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আইএমএফের নিয়ম অনুযায়ী আমাদের তিন মাসের রিজার্ভ থাকাই যথেষ্ট। আমাদের এখনও সাড়ে চার মাসের রিজার্ভ আছে।
শনিবার (১ জুন) বিকালে টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা যদি বেশি করে রেমিট্যান্স পাঠান, রপ্তানি আয় যদি আরেকটু বাড়ে, তাহলে আমরা অনেক এগিয়ে যাব। আমাদের যে আমদানি রপ্তানির গ্যাপ রয়েছে, এই গ্যাপ ফুলফিল করার জন্য আমাদের বিদেশি সরাসরি বিনিয়োগ দরকার। আমরা অনেক দেশ থেকে প্রতিশ্রুতি পেয়েছি। তারা বিনিয়োগ করলে আমরা অনেকটা চাপমুক্তভাবে কাজ করতে পারব।’
আলুর দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বের ৯৩টি দেশের মধ্যে বাংলাদেশে আলুর দাম কম। আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার মনিটরিং করা হচ্ছে।’
এর আগে বেলুন উড়িয়ে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, আঞ্চলিক কার্যালয় বিসিক পরিচালক ও উপসচিব ড. আলমগীর হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টাঙ্গাইল বিসিকের সহকারী মহাব্যবস্থাপক শাহনাছ বেগম। মেলায় ৫৪টি স্টল অংশ নিয়েছে।