× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুইশ ছাড়াল কাঁচা মরিচের কেজি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৪ ১১:৪১ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

সপ্তাহের ব্যবধানে বেড়েছে কাঁচামরিচ, রসুন ও ডিমের দাম। রাজধানীর বাজারগুলোতে ভারতীয় কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৮০ টাকা আর দেশি ২২০ টাকা কেজি। দেশি রসুন কেজিতে ৪০ টাকা বেড়ে ২২০, আমদানি করা রসুনে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। গতকাল বৃহস্পতিবার কারওয়ান বাজার, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। 

বাজারভেদে আলু বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা কেজি। এক পাল্লা (৫ কেজি) আলু কিনলে কিছুটা সাশ্রয় হচ্ছে ক্রেতার। প্রতি পাল্লা আলুর দাম ২৫০ টাকা। পেঁয়াজের কেজি ৭০-৮০ টাকা, টমেটো ৫৫-৬০ টাকা, করলা ৫০-৬০, পটোল ৫৫-৬০ ও ঝিঙা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। 

এছাড়া কাঁকরোল ৬০ টাকা কেজি, লম্বা বেগুন ৫০-৬০, গোল বেগুন ৭০ থেকে ৭৫ টাকা। বরবটি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, ধুন্দল ৫০-৬০, কচুরমুখি ১০০-১২০, ঢেঁড়স ৪০-৫০ টাকা কেজি। শসা ৭০-৮০ টাকা, কচুর লতি ৮০-৮৫ টাকা কেজি। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা ও চালকুমড়া আকারভেদে ৪০-৫০ টাকা পিস।

তবে কমেছে কাঁচা পেঁপের দাম। বর্তমানে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। দুই সপ্তাহ আগে ছিল ৮০ টাকা। 

বাড্ডার সবজি বিক্রেতা আব্দুল হালিম বলেন, ঘূর্ণিঝড়ের পর এখন পর্যন্ত শাকসবজির দাম খুব একটা বাড়েনি। অনেক জায়গার ফসল নষ্ট হয়ে গেছে। এর প্রভাব অচিরেই দেখা যাবে। 

ফার্মের মুরগির লাল ডিম ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। এছাড়া এক হালি কিনলে দিতে হচ্ছে ৬০ টাকা। সাদা ডিমের ডজন ১৪০ টাকা ও এক হালি ৪৮ থেকে ৫০ টাকা। কারওয়ান বাজারের ডিম ব্যবসায়ী শাহাদাৎ হোসেন বলেন, পাইকারি বাজারে ডিমের দাম আবার বেড়েছে। গত বুধবার ১০০ ডিমে বেড়েছে ১০০ টাকা। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের কারণে শাকসবজি নষ্ট হয়ে গেছে। এখন ডিমের দাম বাড়লে মানুষের কেনা কষ্ট হয়ে যাবে। দাম বাড়লে বিক্রিও কম হয়। 

বাজারগুলোতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজি, সোনালি ৩৫০-৩৬০, দেশি মুরগি আগের মতোই ৭০০ টাকা কেজি। গরুর মাংস ৭৫০-৭৮০ টাকা, খাসির ১২০০ টাকা কেজি। 

কারওয়ান বাজারে কথা হয় বাদল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ব্রয়লার মুরগির দাম গত মঙ্গলবারও ছিল ২১০ টাকা কেজি। বৃহস্পতিবারে বেড়ে দাঁড়িয়েছে ২২০ টাকা। তিনি বলেন, ব্রয়লার মুরগির দাম বাড়লে আমাদের মতো স্বল্প আয়ের মানুষদের বাজার-সদাই করতে সমস্যায় পড়তে হয়। কেননা অল্প টাকায় খাবারের মধ্যে ব্রয়লার মুরগিই প্রথম পছন্দ। আর দেশি মুরগির দাম তো অনেক। ইচ্ছা থাকলেও কেনার সাহস হয় না।  

এদিকে বাজারগুলোতে ছোটদানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি, মোটা মসুরের ডাল ১১০, মুগ ডাল ১৬০-১৮০, খেসারি ডাল ১২০, মাষকলাই ২০০ টাকা কেজিতে। বুটের ডালের কেজি ১১৫ টাকা, ডাবলি ৮০ টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৭ টাকা, খোলা সয়াবিন ১৪৭, প্যাকেটজাত চিনি ১৪৫, খোলা চিনি ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা