× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছায়ানটের নজরুল উৎসব শুরু শুক্রবার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৪ ২৩:৩৫ পিএম

মঙ্গলবার ছায়ানট ভবনে সংবাদ সম্মেলনে নজরুল উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। প্রবা ফটো

মঙ্গলবার ছায়ানট ভবনে সংবাদ সম্মেলনে নজরুল উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। প্রবা ফটো

সকলে মিলে মানবতার জয়গান করার আহ্বানে তিন দিনব্যাপি ‘নজরুল উৎসব’ আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতি শিক্ষার প্রতিষ্ঠান ছায়ানট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী শুক্র (২৪ মে), শনি (২৫ মে) এবং রবিবার (২৬ মে) ছায়ানট মিলনায়তনে এই উৎসব হবে।

কথা, সংগীত, নৃত্য, পাঠ, আবৃত্তির মালা গেঁথে সাজানো হয়েছে তিনদিনের বৈচিত্র্যপূর্ণ এ আয়োজন। এছাড়া প্রতিদিন থাকবে গ্রন্থিত অনুষ্ঠান। তিন দিনের নজরুল উৎসবে ৩০ জনের মত আমন্ত্রিত শিল্পীসহ প্রায় ১৬০ জন শিল্পী অংশ নেবেন।

মঙ্গলবার (২১ মে) বিকালে ছায়ানট ভবনে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। তার সঙ্গে ছিলেন সহ সভাপতি খায়রুল আনাম শাকিল ও যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত রায়।

লাইসা আহমদ লিসা বলেন, ‘সৃষ্টিশীলতার বিপুল ঐশ্বর্যে কাজী নজরুল ইসলাম আমাদের মধ্যে বর্তমান হয়ে উপস্থিত থাকেন। তাইতো আমাদের প্রয়োজনে তিনি বারবার ফিরে আসেন আমাদের মধ্যে। তার প্রেরণাতেই আমরা শিকল পরে শিকলকে বিকল করি, বাঁধন পরেই বাঁধন-ভয়কে জয় করি, আপনি মরে বরাভয়কে বরণ করি। আসুন নজরুল উৎসবে মানবতার জয়গান গেয়ে উঠি সকলে।’

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় দিনের আয়োজনে বিশেষ বক্তা হিসেবে থাকবেন অধ্যাপক বেগম আকতার কামাল। এদিন সন্ধ্যায় পরিবেশিত হবে খায়রুল আনাম শাকিল গ্রন্থিত ‘নজরুল সৃষ্ট নবরাগ সহযোগে আলেখ্য’। দ্বিতীয় দিন শনিবার সনজিদা খাতুনের গ্রন্থনায় গীতি-আলেখ্য ‘সজল শ্যাম ঘন দেওয়া’ পরিবেশিত হবে।

তৃতীয় দিন রবিবার সন্ধ্যার আয়োজনে ছায়ানট ‘নজরুলসঙ্গীত: তথ্য, ভাব ও সুরসন্ধান’ গ্রন্থ প্রকাশ করবে। প্রকাশনা অনুষ্ঠানে ভাবসন্ধান নিয়ে কথা বলবেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী এবং গ্রন্থ থেকে গানের ভাবসন্ধান নিয়ে গীতি-আলেখ্য ‘অন্তরে তুমি আছো চিরদিন’ পরিবেশিত হবে। ‘নজরুলসঙ্গীত: তথ্য, ভাব ও সুরসন্ধান’ গ্রন্থে কাজী নজরুল ইসলামের ৫০টি গানের ভাবসন্ধান, সুরসন্ধান ও তথ্যসন্ধান করা হয়েছে। গ্রন্থটি সম্পাদনা করেছেন মফিদুল হক, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সনজীদা খাতুন।

তিনদিনের নজরুল উৎসবে ছায়ানটের শিল্পীদের পাশাপাশি সারাদেশ থেকে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনাও থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা