× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকাশিত হয়েছে ছোটকাগজ ‘ধারা’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১৯:৪৬ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২২ ২০:৩৪ পিএম

প্রকাশিত হয়েছে ছোটকাগজ ‘ধারা’

দূর মফঃস্বলে দীর্ঘ ৩০ বছর ধরে সাহিত্যচর্চার প্রয়াস অব্যাহত রেখেছে ‘সাহিত্যধারা’। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এ প্রতিষ্ঠান থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে ছোটকাগজ ‘ধারা’র ষষ্ঠ সংখ্যা। পত্রিকাটির সম্পাদকীয়তে এ পত্রিকার প্রকাশনা সম্পর্কে লেখা হয়েছে, ‘‘দীর্ঘ ৩০ বছরে ‘ধারা’র মাত্র ৬টি সংখ্যা, অস্বাভাবিক শোনালেও আমাদের স্বস্তি এখানেই... ক্ষীণ হলেও ধারা বহমান।’’ পত্রিকাটি সম্পাদনা করেছেন জুলফিকার হায়দার। এর নির্বাহী সম্পাদক ফখরুল ইসলাম। সার্বিক সমন্বয়ক কবি ও গণমাধ্যমকর্মী তৌহিদ ইমাম।

‘ধারা’র সাম্প্রতিক শরৎ ১৪২৯ সংখ্যায় রয়েছে কবি আবু হাসান শাহরিয়ারের একটি মুক্তগদ্য। এ ছাড়া বাংলাদেশের কবি ও কবিতার গত পাঁচ দশকের গতিপ্রবণতা নিয়ে দীর্ঘ একটি গদ্য লিখেছেন মাহমুদ কামাল। গুচ্ছকবিতা লিখেছেন জুলফিকার মতিন, সিরাজুদ্দৌলাহ বাহার, বঙ্গ রাখাল, হাসান মাহাদী, হাসনাইন হীরা ও তানজিন তামান্না। কবিতা লিখেছেন তসিকুল ইসলাম রাজা, মোস্তাক রহমান, সালিম সাবরিন, কামরুজ্জামান গোপন, পিয়াস মজিদ, অদ্বৈত মারুত, অঞ্জন আচার্য প্রমুখ।

সৈয়দ ওয়ালীউল্লাহর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ধারা’র সাম্প্রতিক সংখ্যায় প্রবন্ধ লিখেছেন মোস্তফা তারিকুল আহসান। রচনাটিতে প্রখ্যাত এই কথাসাহিত্যিকের উপন্যাসে আধুনিকতা ও মর্বিড চেতনার গতিপ্রবণতা নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি ‘সুলতানার স্বপ্ন’ নিয়ে আলোচনার মাধ্যমে বেগম রোকেয়াকে স্মরণ করেছেন খালেদা আহসান। তার পর্যালোচনায় উঠে এসেছে, ‘সুলতানার স্বপ্ন’ই মূলত রোকেয়ার স্বপ্ন; তিনি এ উপন্যাসে এমন একটি দেশের প্রতিচিত্র তুলে এনেছেন, যেখানে তার কল্পনার সেই নারীরা পূর্ণ মর্যাদা ও স্বাধীনতা নিয়ে বসবাস করে। তার মতে, ‘এ উপন্যাসে রোকেয়া পুরুষকে আপাতদৃষ্টিতে শ্লেষের মাধ্যমে আক্রমণ করেছেন, তাদেরকে অধীনস্ত ও অপদার্থ ভেবেছেন। তবে এটি উপন্যাসের সৃজনীশক্তির ফসল, বাস্তবে তিনি নারীর মর্যাদা ও অধিকার চেয়েছেন, নারীকে পুরুষের সমকক্ষ হিসেবে দেখতে চেয়েছেন। পুরুষতান্ত্রিক সমাজে নারী পদে পদে বঞ্চিতা, সেই জায়গায় তিনি আলো ফেলতে চেয়েছেন।’

ছোটকাগজটিতে কানাডার আলোচিত সাহিত্যিক মার্গারেট অ্যাটউডের কবিতার অনুবাদ করেছেন অনন্ত উজ্জ্বল। কয়েকটি জেন গল্পের অনুবাদ করেছেন মওলবি আশরাফ। আনিসুজ্জামান উজ্জ্বল তার স্মৃতিচারণায় তুলে এনেছেন জীবনে চলার পথে পাওয়া কয়েকটি ঘটনা। ‘ধারা’র এ সংখ্যায় গল্প লিখেছেন মনি হায়দার, আনিফ রুবেদ, লতিফ জোয়ার্দার ও আব্দুল্লাহ্ আল বাকী। এ ছাড়াও রয়েছে অণুগল্প, রম্যগল্প ও ছড়া। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন নওরীন শিরাজী রোদসী।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা