× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শৈল্পিক প্রতিবাদ

হাতিয়ার যখন রঙ-তুলি

সেলিম আহমেদ

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১২:৫০ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩ ১৩:২০ পিএম

হাতিয়ার যখন রঙ-তুলি

রবিবার বেলা সাড়ে ৩টা। টিএসসি প্রাঙ্গণ যেন চেনাই যায় না। রঙ-তুলির আঁচড়ে মনের মাধুরী মিশিয়ে ক্যানভাসে ছবি আঁকছেন অনেকে। তাদের একজন সিগমা হক অংকন। ছবির বিষয় জানতে চাইলে তুলি থামিয়ে তিনি বলেন, আমি মূলত রক্তাক্ত পৃথিবীর চিত্র তুলে ধরার চেষ্টা করছি। পৃথিবীতে যে পরিবেশ এখন, সাম্রাজ্যবাদের থাবায় মানুষ যে অশান্তি-অস্থিরতার মধ্যে আছে তা তুলে ধরার চেষ্টা করছি। সবুজ প্রকৃতি, সুন্দর চারদিকে তাকালেই দেখা যাচ্ছে সবকিছু রক্তাক্ত হয়ে উঠেছে। সেটাই দেখানোর চেষ্টা করেছি। 

অংকনের মতো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার হিসেবে তুলি হাতে নিয়েছেন শিল্পী আফরোজ জামিল কংকা। তিনি ক্যানভাসে আঁকছেন সারি সারি লাশের ছবি। কংকা বলেন, ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদের যে আগ্রাসন চলছে তাতে মানুষ মানুষকে মেরে ফেলছে। পশ্চিমা সাম্রাজ্যবাদী দেশগুলোতে কিছু হলেই তাদের গলার স্বর উঁচু হয়ে যায়। অথচ আমরা যখন সাম্রাজ্যবাদের খপ্পরে পড়ে যাই, তারা যখন আমাদের ওপর আগ্রাসন চালিয়ে যায়, তখন তারা কিছু বলে না। সাম্রাজ্যবাদের এই অযাচিত হস্তক্ষেপে বিভিন্ন দেশে হত্যাযজ্ঞের প্রতিবাদে আমি ছবিটি আঁকছি।

‘দেশ আমার, সিদ্ধান্ত আমার- নির্ভয়ে চলো বাংলাদেশ’- এমন স্লোগান সামনে রেখে গতকাল রবিবার টিএসসিতে সাম্রাজ্যবাদবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে রঙ-তুলি হাতে বসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থীসহ নানা পর্যায়ের শিল্পীরা। সব মিলিয়ে সাবেক ৪৫ জন, বর্তমান ৪০-৪২ জন শিল্পী এই আয়োজনে যোগ দিয়েছিলেন। দিনব্যাপী ছবি আঁকা ও ছবি প্রদর্শনী শেষে সন্ধ্যায় হয় সাম্রাজ্যবাদবিরোধী প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন দেশের নামকরা শিল্পীরা। আঁকা ছবিগুলো দেখতে ভিড় ছিল তরুণ-তরুণীদেরও। 

শিল্পীরা জানান, পশ্চিমা সাম্রাজ্যবাদী চক্র সারা বিশ্বকে কুক্ষিগত করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য নগ্নভাবে সর্বত্র আগ্রাসন চালিয়ে যাচ্ছে শত শত বছর ধরে। ইউরোপের বাইরের প্রত্যেক মহাদেশের প্রতিটি রাষ্ট্র তাদের সাম্রাজ্যবাদী শাসনে-শোষণে এতটাই পর্যুদস্ত হয়ে পড়ে যে সাম্রাজ্যবাদী শাসনের অবসান ঘটলেও তাদের সামরিক ও অর্থনৈতিক শক্তির হুমকি উপেক্ষা করে নিজ স্বার্থ ও মর্যাদা সমুন্নত রেখে দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। যখনই তাদের উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে তখনই পরিণতি হয়েছে ভিয়েতনাম, চিলি, ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক কিংবা ১৯৭১ বা ১৯৭৫-এর বাংলাদেশের মতো। বর্তমানে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর থেকেই সাম্রাজ্যবাদীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বাংলাদেশ। এই আগ্রাসনের বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করা তাদের লক্ষ্য। এর আগে বরিশাল, ময়মনসিংহে এই আয়োজন হয়েছে। চট্টগ্রামেও হবে। তা ছাড়া সাম্রাজ্যবাদবিরোধী কবিতা, গান, ছড়া, নাটক ইত্যাদি পরিবেশনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা