বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩ ১৫:৩১ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩ ১৬:০৪ পিএম
জাতীয় সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে এ বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। প্রবা ফটো
বিজয়ের মাস ডিসেম্বরের আগমনকে স্বাগত জানিয়ে সংগীত, নৃত্য, আবৃত্তি আর চিত্রাঙ্কনে উদ্যাপন করা হয়েছে ‘বিজয় মাসের প্রথম প্রভাত’।
শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে জাতীয় সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে এ বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সভাপতিত্ব করেন পদক্ষেপ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
পদক্ষেপ বাংলাদেশেরর আয়োজনে ব্যতিক্রমী সাজে সেজেছিল শিশু-কিশোররা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় নিয়েই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে সুরনন্দন নজরুল সংগীত চর্চা কেন্দ্র, সন্তরেখা শিল্পীগোষ্ঠী, সমন্বর, মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র, পঞ্চায়েত। দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যাক্ষ, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র, শিল্পবৃত্ত। দলীয় আবৃত্তি করে শিল্পবৃত্ত, কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, উদ্ভাসন, ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমি, শ্রুতিঘর, চারুকণ্ঠ আবৃত্তি সংসদ, ঢাকা স্বরকল্পন, সংবৃতা আবৃত্তি চর্চা ও প্রসার কেন্দ্র, স্রোত আবৃত্তি সংসদ, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র। একক সংগীত শিল্পী ছিলেন শৈবাল দত্ত, শ্রাবণী গুহরায়, সোমা দাস, গুলে ফেরদৌস লতা। একক আবৃত্তিকার হিসেবে ছিলেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মীর বরকত, নায়লা তারান্নুম চৌধুরী কাকলি। এ ছাড়া শিশু চিত্রশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। কবিকণ্ঠে বিজয়ের ছড়া ও কবিতা পাঠও করে তারা।