প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০০:২৯ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০০:৪৩ এএম
বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘জাহান্নামের আগুনে বসিয়া’ সংকলনগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো
শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের মুক্তিযুদ্ধকালীন রিপোর্ট, সম্পাদকীয় ও লেখা নিয়ে ‘একাত্তরে সিরাজুদ্দীন হোসেনের অকুতোভয় সাংবাদিকতা : জাহান্নামের আগুনে বসিয়া’ শীর্ষক সংকলনগ্রন্থ প্রকাশিত হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে সেলিম রেজা নূর, জাহীদ রেজা নূর ও তৌহীদ রেজা নূর সম্পাদিত এ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বক্তব্য রাখেন সিরাজুদ্দীন হোসেনের জ্যেষ্ঠ পুত্র সেলিম রেজা নূর। স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনা সংস্থা আগামী প্রকাশনীর প্রধান নির্বাহী ওসমান গনি।
আলোচনা করেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক কাজী মদিনা, অধ্যাপক ড. কাবেরী গায়েন প্রমুখ।
সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘সিরাজুদ্দীন হোসেন ধর্ম রাজনীতির বিরুদ্ধে লিখেছেন। এমন একটি বিষয় নিয়ে লেখা খুব কঠিন। আজ ধর্মের রাজনীতি দেখলে তিনি খুব কষ্ট পেতেন। সরকার দল, বিরোধী দল সবাই ধর্মের রাজনীতি করেন।’
আবেদ খান বলেন, ‘এখন তো সাংবাদিকতা নেই। এর ভেতরে নিজেকে প্রচার করার একটা বাহন হয়ে গেছে। ’
কাজী মদিনা বলেন, ‘তিনি সম্পাদকীয় লিখেছেন, রাজনৈতিক খবর ছাপিয়েছেন, সার্বিক ব্যবস্থাপনার কাজটিও করতেন। সিরাজুদ্দীন একজন ব্যতিক্রমধর্মী সাংবাদিক ছিলেন। তাই অনেকেই বলে থাকেন সব্যসাচী সাংবাদিক।’
কাবেরী গায়েন বলেন, ‘কৌশল যুদ্ধ সাংবাদিকতার জন্য গুরুত্বপূর্ণ। তিনি কৌশলে সবকিছু যোগ করে দিতেন। বাংলাদেশ শব্দটাকে বারবার তার লেখায় এনেছেন। মার্কিন চ্যানেলে আমাদের সব সংবাদ ছিল। কিন্তু অনুপস্থিত ছিল বাংলাদেশ। আমরা বিদেশের অনেক সাংবাদিককে চিনি কিন্তু দেশের সিরাজুদ্দীন হোসেনকে চিনতে পারিনি। আমরা উনাকে সরিয়ে দিতে চাই। আমরা ভুল করি, আমাদের যারা শত্রু তারা ভুল করেন না।’