× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকৃতি ও জীবনের শিল্পী হামিদুজ্জামান

সিরাজুল ইসলাম আবেদ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩২ এএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৯ এএম

প্রকৃতি ও জীবনের শিল্পী হামিদুজ্জামান

‘নদী ভালো থাকলে আমরা ভালো থাকবো। নদী সৃষ্টিকর্তার অমূল্য উপহার।’- বলছিলেন শিল্পী হামিদুজ্জামান খান। কিন্তু সেই নদী কি ভালো আছে? প্রশ্নটা আমরা ঘুরিয়েও করতে পারি- আমরা কি নদীকে ভালো রেখেছি? বদলে গেছে নদীর পানি, বদলেছে নদীকেন্দ্রিক মানুষের কর্মকাণ্ড। নদীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজের পাশাপাশি বহু অসামঞ্জস্যপূর্ণ প্রতিনিয়ত করে চলেছি। বিশ্ব নদী দিবসের ঠিক আগের দিন সেই নদীকে বিষয় করেই আয়োজন করা হয়েছে প্রদর্শনী রিভারাইন।

কঠিন পাথর কিংবা ধাতব যার হাতে পায় বিমূর্ত অবয়ব, বলা হয় বাংলাদেশের ভাস্কর্যশিল্পের মহিরুহ, তিনি শিল্পী হামিদুজ্জামান খান। বাংলাদেশের আধুনিক শিল্পকলার অন্যতম প্রধান এ সারথি রঙ আর তুলি হাতেও বেশ সচল। জলরঙের জাদুতে মূর্ছনা ছড়ায় তার ক্যানভাস। বরেণ্য এ শিল্পীর ৬৬টি চিত্রকর্ম নিয়ে গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় গ্যালারি কায়ায় শুরু হয়েছে একক শিল্প প্রদর্শনী ‘রিভারাইন’। সন্ধ্যা ৬টায় শিল্পী গৌতম চক্রবর্তীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন নগর পরিকল্পনাবিদ ও নগর গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম ও সামিট গ্রুপের কর্ণধার মোহাম্মদ আজিজ খান এ প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনী উপলক্ষে শিল্পীর ছাত্রজীবন থেকে বর্তমান পর্যন্ত স্কেচ নিয়ে প্রকাশিত ‘ছয় দশকের স্কেচ’ শিরোনাম গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ৩০৪ পৃষ্ঠার স্কেচ সংকলন গ্রন্থটি সম্পাদনা করেছেন মোহাম্মদ আসাদ। 

প্রদর্শনীর নামের সঙ্গেই জড়িয়ে আছে নদী। শিল্পী হামিদুজ্জামান খান যে শহরে বসবাস করেন, সেই ঢাকা শহরের প্রান্ত ছুঁয়ে যাওয়া নদনদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী আর তুরাগের নানা সময়ের মুহূর্ত ধারণ করেছেন তার ছবিগুলোয়। স্কেচ ও জলরঙে আঁকা ছবিগুলোয় নদী পারের জীবন, চাঁদের আলোর মাখা রাত, বৃষ্টি, নৌকা-মাঝি, নারায়ণগঞ্জ পোর্ট, নিকষ কালো রাত, নদীর পাড়ঘেষা আকাশ, নদী পারাপার, নদীর পাড়ের ডকইয়ার্ড, ইটভাঁটা যেমন এসেছে, আবার এসবের মাঝে থেকে দেখা আহসান মঞ্জিল, ফরাশগঞ্জ, শ্যামপুর, বছিলা, বাবুবাজার ব্রিজ ইত্যাদি নানা স্থান ও স্থাপনা উঠে এসেছে শিল্পীর তুলিতে। জলরঙের পরতে পরতে উঠে এসেছে বেদনাবিধুর নদীর কথা।

প্রদর্শনীর বিষয় ভাবনা প্রসঙ্গে শিল্পী হামিদুজ্জামান বলেন, দীর্ঘদিনের ভাবনার প্রতিফলন আজকের এই প্রদর্শনী। ঢাকার চার ধার ঘিরে রেখেছে নদী। এই নদীর আনন্দ-বেদনা আমি অবলোকন করেছি। অনুভব করার চেষ্টা করেছি। তারই প্রতিফলন আজকের এই প্রদর্শনী। ঢাকার পাশের নদীগুলোতে আমি গেয়েছি, দেখেছি নদীকে কেন্দ্র করে মানুষের কর্মকাণ্ড। সেখানে নদীর আনন্দ-বেদনাও আমার কাছে মূর্ত হয়ে উঠেছে।

ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম বলেন, হামিদুজ্জামান খানের সঙ্গে আমি শিল্পী পাবলো পিকাসোর দারুণ একটা মিল খুঁজে পাই। পিকাসো দীর্ঘ জীবন পেয়েছেন এবং নানা মাধ্যমে প্রচুর কাজ করেছেন। হামিদুজ্জামনাও ঠিক তাই। বয়স হয়ে তারপরও তিনি এখনও প্রচণ্ডভাবে সক্রিয়। অসাধারণ একটি প্রদর্শনী আজ উদ্বোধন হলো। এমন বিষয়ভিত্তিক প্রদর্শনী খুব কমই হয়ে থাকে। ভাস্কর্য শিল্পী হিসেবে হামিদুজ্জামান খানকে সবাই চেনেন। কিন্তু জলরঙে তিনি সিদ্ধহস্ত। শিল্পাচার্য জয়নুলের ধারাবাহিকতায় সব সময়ই তিনি মাঠে গিয়ে কাজ করতে ভালোবাসেন। এই প্রদর্শনীতে তিনি নদীর অভিজ্ঞতা তুলে ধরেছেন। প্রকৃতি ও জীবনের শিল্পী তিনি। 

শিল্পীকে নিয়ে বলতে গিয়ে মোহাম্মদ আজিজ খান বলেন, সব সময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকলেও নিজেকে উজ্জীবিত করতে, রুচিঋদ্ধ করার জন্য আমি হামিদুজ্জামান খানের কাছে আসি।

প্রদর্শনী প্রসঙ্গে শিল্পী গৌতম চক্রবর্তী বলেন, হামিদুজ্জামান স্যারকে দীর্ঘ সময় ধরে দেখে আসছি। উনি যখন কোনো কাজ করেন, একাগ্রভাবে সেটাতে যুক্ত থাকেন। এই কাজটিও একইভাবে করেছেন।

এক বছর ধরে হেন্ডমেড কাগজে হামিদুজ্জামান খান তুলে ধরেছেন তার জলরঙের নদী। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শনীটি চলবে ৩ অক্টোবর পর্যন্ত। দর্শনার্থীদের জন্য প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত পর্যন্ত গ্যালারি খোলা থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা