প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ২২:৫৭ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ০০:০৬ এএম
আলোচনা, কবিতা ও নাটকের মাধ্যমে ৭৫’র ১৫ আগস্টের শহীদদের স্মরণ করেছে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি।
সোমবার (২৮ আগস্ট) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই আয়োজন করা হয়।
‘স্মরণে শ্রদ্ধায় ৭৫’ শীর্ষক এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব অসীম কুমার উকিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাট্যজন আতাউর রহমান।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সামনে একটা নির্বাচন, জাতীয় নির্বাচন। অভিন্ন শত্রুদের বিরুদ্ধে একত্রিত হতে, এই জাতীয় নির্বাচনে আমি আপনাদের ডাক দিতে এসেছি। যারা একুশে আগস্ট, ১৫ আগস্ট ঘটিয়েছে। বিএনপি দলটি সাম্প্রদায়িকতার ঠিকানা, জঙ্গিবাদের ঠিকানা।’
তিনি বলেন, ‘এই অপশক্তির যারা পৃষ্ঠপোষক। তাদের বিরুদ্ধে আমরা মুখোমুখি। আমাদের মোকাবিলা করতে হবে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের ভুলত্রুটি আছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের যে চেতনা, সেই চেতনা আমাদের আছে। আমাদের আপনাদের, সবার মধ্যেই একই চেতনা।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য শেষ হওয়া মাত্রই আগত অতিথিরা হাত তালি দেন। শোকের অনুষ্ঠানে হাতে তালি দেওয়ায় তিনি বিরক্তি প্রকাশ করেন। পরে তাৎক্ষণিকভাবে হাত তালি বাজাতে তিনি নিষেধ করেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শিমুল মুস্তাফা। সবশেষে মঞ্চায়ন হয় বঙ্গবন্ধুকে নিয়ে রচিত যাত্রাপালা ‘নিঃসঙ্গ লড়াই’।