নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ২৩:২১ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ১১:০৬ এএম
যতীন সরকার। প্রবা ফটো
শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও সাম্যবাদী তাত্ত্বিক যতীন সরকারের ৮৮তম জন্মদিন শুক্রবার (১৮ আগস্ট)। এ উপলক্ষে নেত্রকোণা শহরের সাতপাই এলাকার যতীন সরকারের বাসভবনে বিকাল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির আয়োজন করেছে অধ্যাপক যতীন সরকারের ৮৮তম জন্মদিন উদযাপন পরিষদ।
এ ছাড়া যতীন সরকারের জন্মস্থান জেলার কেন্দুয়া উপজেলায়ও কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব, চর্চা সাহিত্য আড্ডাসহ স্থানীয় বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে এসব কর্মসূচি হাতে নিয়েছে।
যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। যতীন সরকারকে ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার ও ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে। এ ছাড়া তিনি আরও কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।