চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১৬:৪৯ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩ ১৭:০৬ পিএম
চাঁদপুরে শিশুদের সংগীত ও নৃত্য প্রশিক্ষণের এক কর্মশালার সমাপনীতে শুক্রবার কথা বলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রবা ফটো
সারা বিশ্বে একটা শ্রেণি বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেছেন, সংস্কৃতিকর্মীদেরই সেই অপপ্রচার রুখতে হবে। দেশ, সমাজকে বাঁচাতে সবার দায়িত্ব নিতে হবে। স্বাধীনতাবিরোধীদের গাড়িতে আমরা আর জাতীয় পতাকা দেখতে চাই না।
শুক্রবার (২১ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক কর্মশালার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চাঁদপুর জেলা শিশু সংগীত ও নৃত্য দলের জন্য দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
লিয়াকত আলী লাকী বলেন, ‘শিশুদের ভালোবাসতেন বঙ্গবন্ধু। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাধারণভাবে ভালোবাসেন। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ হবে। এজন্য শিশুদের দায়িত্ব নিতে হবে। আজকের শিশুরাই আগামী দিনে আমাদের ভরসা। তারা একদিন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।’
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একটি শক্তিশালী প্রতিভার বিকাশ ঘটানো। এক দিনের প্রশিক্ষণের পরই আজকে পরিবেশনা হলো। এটা স্মার্ট বাংলাদেশের একটি প্রারম্ভিক লক্ষণ। শিল্পের বৈশিষ্ট্য প্রতিভার বিকাশ। সম্ভাবনাগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে।’
অনুষ্ঠানের শুরুতে লিয়াকত আলী লাকীর কথা ও সুরে ‘আমরা সবাই মঞ্চ কুড়ি নটনন্দনে ফুটবো’ শিরোনামের গান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির শিশু সংগীত দল। এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমির শিশু সংগীত দল ও নৃত্য দলের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা শিশুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বক্তব্য দেন।
কর্মশালায় নৃত্য প্রশিক্ষণ পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক ইয়াসমিন আলী ও নৃত্য প্রশিক্ষক এসকে জাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এএসএম মোসা। সঞ্চালনায় ছিলেন জেলা কালচারাল অফিসার দিতি সাহা।