প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ০০:২৪ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩ ১০:৪৬ এএম
আফতাব আহমেদ ও গুলতেকিন খান। ছবি : সংগৃহীত
কবি-লেখক ও সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমেদ মারা গেছেন।
সোমবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তার পরিবারের পক্ষে নোভা আহমেদের স্বামী অধ্যাপক ড. আরশাদ চৌধুরী জানান, ৬৩ বছর বয়সি আফতাব আহমেদ দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তার হৃৎপিণ্ডের কার্যকারিতা ধীরে ধীরে কমে যায়। পরে বেশ কয়েকবার স্ট্রোক করার পর তিনি প্যারালাইজড হয়ে যান, হারান চলার ক্ষমতা।
আফতাব আহমেদের মরদেহ রাতে একটি হাসপাতালের হিমঘরে রাখা হবে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে আত্মীয়রা আসবেন ঢাকায়। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন তার দাফন কোথায় হবে।
১৯৬০ সালের অক্টোবরে নরসিংদীর মনোহরদী উপজেলায় জন্ম নেন আফতাব আহমেদ। তার মা অভিনেত্রী আয়েশা আক্তার। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ৮৪তম ব্যাচের ক্যাডার আফতাব আহমেদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত অবস্থায় অবসরে যান। ২০১৯ সালে তিনি কবি গুলতেকিন খানকে বিয়ে করেন। অবসর জীবনে তিনি কবিতা লেখায় মনোনিবেশ করেছিলেন। ২০১৩ সালের অমর একুশে বইমেলায় তার কবিতার বই ‘মেজারিং ডন’ প্রকাশ করেছে জার্নিম্যান বুকস।