প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৬:৩৫ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১৬:৫০ পিএম
জয় বাংলা কনসার্টে গুলিস্তানের ভবনে বিস্ফোরণে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রবা ফটো
রাজধানীর আর্মি স্টেডিয়ামে সপ্তমবারের মতো আয়োজিত জয় বাংলা কনসার্টে গুলিস্তানের ভবনে বিস্ফোরণে নিহতদের স্মরণ ও শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা এই কনসার্টের আয়োজন করেছে।
বুধবার (৮ মার্চ) আর্মি স্টেডিয়ামে বিকাল ৩টার দিকে কনসার্টটি শুরু হয়। শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়।
মঙ্গলবার (৭ মার্চ) গুলিস্তানে ঘটে যাওয়া বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে কনসার্ট শুরু হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে স্মরণ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১৫ সাল থেকে ইয়াং বাংলা নিয়মিত জয় বাংলা কনসার্ট আয়োজন করে আসছে। তবে করোনার কারণে দুই বছর আয়োজন হয়নি। চলতি বছরে পবিত্র শবে বরাতের কারণে এক দিন পিছিয়ে ৮ মার্চ হচ্ছে জয় বাংলা কনসার্ট।
আয়োজকরা জানিয়েছে, মঞ্চে পারফর্ম করবে, ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।
নারী দর্শকদের জন্য আলাদা কর্নার
জয় বাংলা কনসার্টের মূল মঞ্চের সামনে নারী দর্শকদের জন্য আলাদা কর্নার করা হয়েছে ৷ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কনসার্টের শুরুতে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথম ব্যান্ড হিসেবে মঞ্চে আসে ‘আরেকটা ব্যান্ড’। জয় বাংলা কনসার্টে নারীদের জন্য বিশেষ নিবন্ধনও চালু করা হয়েছে বলে জানায় ইয়াং বাংলা।