প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪৬ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৮ পিএম
সংগৃহীত ছবি
প্রকৃতি ধ্বংস, সৃষ্টির নানা রূপ ও নারীত্বের গভীরতা রঙ-তুলিতে তুলে ধরেছেন শিল্পীরা। তিন শিল্পীর আঁকা ছবিতে উঠে এসেছে প্রকৃতির নানা ছাপ। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার জুম গ্যালারিতে শুরু হয়েছে অমিতাভ সরকার, ফারিয়া খানম তুলি ও সুমন বিশ্বাসের 'এ্যামিতি' শীর্ষক প্রদর্শনী।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) প্রদর্শনীটির উদ্বোধন করেন অধ্যাপক ড. বজলুর রশীদ খান।
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের অতিথি প্রভাষক ও শিল্পী অমিতাভ সরকার মনে করেন, শিল্পজগতের মূল অনুপ্রেরণা হলো প্রকৃতি। প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি, ধ্বংস এবং অন্তঃসারে যা দেখেছেন তা দ্বারাই অনুপ্রাণিত হয়ে তিনি নিদর্শনগুলো স্বাধীনভাবে উজ্জ্বল রঙে ফুটিয়ে তোলেন। মূলত তিনি অ্যাক্রিলিক রঙ ব্যবহার করে কাজ করেন।
তিনি জানান, এ শিল্পকর্মগুলি তিনি প্রকৃতিতে যে রূপগুলি পর্যবেক্ষণ করেছেন তার ওপর ভিত্তি করে তৈরি করেছেন, যা কল্পনাপ্রসূত ও খণ্ডিত বিমূর্ত রূপ তৈরিতে ছিল একটি সূচনাবিন্দু হিসেবে।
ফারিয়া খানম তুলি একজন নবীন শিল্পী। তার শিল্পকর্মে তিনি সমাজে নারীদের ক্ষমতায়ন, ন্যায়পরায়ণতা এবং আত্মবিশ্বাসকে অনুপ্রাণিত করার জন্য একটি ছাপ তৈরি করেছেন। অ্যাক্রিলিক এবং বিভিন্ন রঙ ও কৌশল ব্যবহার করে তিনি শিল্পকর্মগুলো তৈরী করেছেন। তিনি সমাজের সকল স্তরে নারীর ক্ষমতায়নে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তিনি নারীত্বের গভীর আকাঙ্ক্ষা সম্পর্কে তার চিন্তাভাবনা প্রকাশ করতে রঙ নিয়ে গবেষণা করতে পছন্দ করেন।
তরুণ শিল্পী সুমন বিশ্বাসের অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা শিল্পকর্ম, বিন্যাসিত এলোমেলো রেখাগুলি গাছ, প্রাণী, মানুষের মতো প্রতিটি প্রাকৃতিক বস্তুর মধ্যে একটি অবচেতন সম্পর্ককে কল্পনা করে তৈরি করা। একজন স্বাধীন শিল্পী হিসেবে তার বিশ্বাস ‘ধ্যানের মাধ্যমে নিজেকে অনুভব করা।’ ১৫ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ১০ মার্চ পর্যন্ত।