প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৪ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৬ পিএম
ছবি সংগৃহীত
‘মানবতা ও সম্প্রীতি পুনর্জাগরণ’ এর লক্ষ্যে দেশব্যাপী সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে ছায়ানট। এ উদ্যোগের প্রথম আয়োজন হচ্ছে খুলনায়।
আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই যুগপৎ প্রশিক্ষণ ও পরিবেশন কার্যক্রম। বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছায়ানটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূলত খুলনা শহরের গান, পাঠাবৃত্তি ও ব্রতচারীতে আগ্রহী স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন প্রশিক্ষণ কর্মশালায়।
প্রশিক্ষণের বিষয়: রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, লোকসঙ্গীত, রাগ-পরিচয় ও স্বরসাধন, মান বাংলা উচ্চারণ ও পাঠাবৃত্তি এবং ব্রতচারী। সব মিলিয়ে প্রশিক্ষণার্থী সংখ্যা শখানেক। প্রশিক্ষণ হবে আলাদা আলাদাভাবে বিষয়ভিত্তিক দুদিনে চার অধিবেশনে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আয়োজনের দুই সন্ধ্যায়, সাড়ে ৬টা থেকে মূল মিলনায়তনে হবে সার্বিক পরিবেশন। থাকছে প্রশিক্ষণার্থীদের দলীয় গান, পাঠ এবং ব্রতচারী। এ ছাড়া একক গান ও পাঠ পরিবেশন করবেন খুলনার বিশিষ্ট শিল্পী এবং ছায়ানটের শিল্পীরা। তবে আয়োজনের অন্যতম পরিবেশন, ছায়ানট প্রযোজিত গীতি-আলেখ্য ‘সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই’।
গত ছয় দশকেরও বেশি সময় ধরে বাঙালির আপন সংস্কৃতির চর্চা এবং প্রচার ও প্রসারে কাজ করে চলেছে ছায়ানট। এবারের নতুন উদ্যোগ সহজ করে তুলেছে সংস্কৃতি মন্ত্রণালয়।