প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৭ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৮ পিএম
কবি ফকির ইলিয়াস। প্রবা ফটো
সিলেট বিভাগের মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার ‘রাগীব-রাবেয়া সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি ফকির ইলিয়াস।
রবিবার (৫ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই পুরস্কার ঘোষণা করেছে শিল্প সাহিত্য ও মানব কল্যাণমূলক সংগঠন ‘রাগীব-রাবেয়া ফাউন্ডেশন’। কবিতায় অবদানের জন্য ২০১৮ সালের কবিতা কোটায় কবি ফকির ইলিয়াস এই পুরস্কার পাচ্ছেন।
নিউইয়র্ক অভিবাসী ফকির ইলিয়াস ২৬টি গ্রন্থের লেখক। সাংবাদিক, প্রাবন্ধিক, কলামিস্ট হিসেবে দেশ-বিদেশে রয়েছে তার ব্যাপক পরিচিতি। এর আগে তিনি আরও কয়েকটি পুরস্কার ও পদকে ভূষিত হন।
করোনা পরিস্থিতির জন্য বন্ধ থাকা ছয় বছরের পুরস্কার ও পদক একই সাথে ঘোষণা করা হয়েছে। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এই পুরস্কার পাচ্ছেন ১২ জন লেখক, কবি, গবেষক ও শিল্পী।
‘রাগীব-রাবেয়া সাহিত্য পুরস্কার’ এর জন্য মনোনীতরা হলেন- ২০১৭ সালে গবেষণায় ফোরকান আহমদ, কবিতায় কবি মোহন রায়হান। ২০১৮ সালে গবেষণায় প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য, কবিতায় কবি ফকির ইলিয়াস। ২০১৯ সালে গবেষণায় ড. সৈয়দ শাহ এমরান, কবিতায় কবি ডা. বিনেন্দু ভৌমিক। ২০২০ সালে কথাসাহিত্যে প্রফেসর ড. নিলুফা আক্তার, সঙ্গীতে বাউল আবদুর রহমান। ২০২১ সালে গবেষণায় হাসন রাজা গবেষক সামারীন দেওয়ান, কবিতায় কবি পুলক কান্তি ধর। ২০২২ সালে গবেষণায় মোস্তফা সেলিম, কবিতায় কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। শিল্পপতি সৈয়দ রাগীব আলী ও তার প্রয়াত স্ত্রী রাবেয়া খাতুন চৌধুরীর নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন ১৯৯৮ থেকে এই পুরস্কার দিয়ে আসছে।