প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৪ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৭ পিএম
‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল রবিবার সারা দেশে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩ পালন করবে সরকার। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
তিনি বলেন, জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকাকে দৃঢ় করাই জাতীয় গ্রন্থাগার দিবসের লক্ষ্য।
সংস্কৃতি মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর ও এর আওতাধীন বিভাগীয়, জেলা ও উপজেলার গণগ্রন্থাগার একযোগে দিবসটি উদযাপন করবে।
কে এম খালিদ বলেন, জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা সরকারি গণগ্রন্থাগারগুলোতে রচনা, চিত্রাংকন ও বইপাঠ প্রতিযোগিতাসহ নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান এবং গ্রন্থাগার দিবসের তাৎপর্য ও গুরুত্বের ওপর বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী। আরও উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি, সচিব মো. আবুল মনসুর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
‘স্মার্ট দেশ গঠনে গ্রন্থাগারের ভূমিকা ও করণীয়’ বিষয়ে প্রবন্ধ পাঠ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক বিভাগের প্রধান অধ্যাপক মো. নাসিরউদ্দিন মুন্সি। সভাপতিত্ব করবেন প্রতিমন্ত্রী কে এম খালিদ।