প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ১৪:৩৪ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ১৫:০৭ পিএম
মোহাম্মদ রফিক
বাংলা একাডেমি প্রবর্তিত দ্বি-বার্ষিক পুরস্কার ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৩’-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট কবি মোহাম্মদ রফিক।
রবিবার (১ জানুয়ারি) বাংলা একাডেমির উপপরিচালক মোহাম্মদ আকবর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অমর একুশে বইমেলা ২০২৩-এর সমাপনী অনুষ্ঠানে ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৩’ প্রদান করা হবে।
বাংলা সাহিত্যের বরেণ্য কবি জসীমউদ্দীনের জন্মদিন ১ জানুয়ারিতে দুই বছর পরপর এ পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তির নাম ঘোষণা করে থাকে বাংলা একাডেমি। পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা। কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার দেওয়া শুরু হয় ২০১৯ সালে।
কবি মোহাম্মদ রফিকের জন্ম ১৯৪৩ সালের ২৩ অক্টোবর। ২০১০ সালে একুশে পদক পান তিনি। একজন মননশীল আধুনিক কবি হিসেবে পরিচিতি পাওয়া মোহাম্মদ রফিক খুলনা জেলা স্কুল থেকে ১৯৫৮ সালে মাধ্যমিক পাস করেন। পরে ঢাকার নটর ডেম কলেজে ভর্তি হন। ১৯৬১ সালে উচ্চ মাধ্যমিক পাসের পর রাজশাহী সরকারি কলেজে ইরেজি বিভাগে ভর্তি হন এবং স্নাতক শেষ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।