× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালন স্মরণোৎসব

সাঁইজির বারামখানায় বাউলের হাট

জহুরুল ইসলাম, কুষ্টিয়া

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১৫:৪৪ পিএম

কুষ্টিয়ায় ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি। -প্রবা ফটো

কুষ্টিয়ায় ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি। -প্রবা ফটো

সব পথ যেন এসে মিশেছে ছেঁউড়িয়ায়, লালন আখড়াবাড়িতে। বাউল, সাধু ও বৈষ্ণবদের মেলা বসেছে লালনধামে। ধর্ম বর্ণ জাতপাত ভুলে তারা গাইছেন মানুষের জয়গান। বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আখড়াবাড়িতে আজ থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনের লালন স্মরণোৎসব। এবারই প্রথম জাতীয় দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে সাঁইজির তিরোধান দিবস। এতে এবারের উৎসবে এক নতুন মাত্রা যোগ হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা থাকলেও বেশ কয়েক দিন আগে থেকেই লালনভক্ত মানুষের মিছিল আসতে শুরু করেছে এই বাউল তীর্থে। সাঁইজির টানে এ ধামে বাউলেরা ছাড়াও সাধারণ দর্শনার্থীদের ভিড় লেগেছে।

‘মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘সত্য বল সুপথে চল ওরে আমার মন’, ‘এলাহি আলামিন গো আলা বাদশা আলমপনা তুমি’, ‘বাড়ির পাশে আরশীনগর সেথা এক পড়শি বসত করে’Ñ এমন অসংখ্য লালনসংগীতের সুরের মূর্ছনায় এখন মাতোয়ারা বাউলধাম। লালন মাজারের আশপাশে ও মরা কালী নদীর তীর ধরে বাউলেরা ছোট ছোট আস্তানা গেড়ে সাঁইজিকে স্মরণ করছেন গানে গানে। বাউল-ফকিরদের সঙ্গে সুর মেলাচ্ছেন ভক্তরাও। ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ সাঁইজির সান্নিধ্য পাওয়ার আশায় দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন এ স্মরণোৎসবে। আউল-বাউল, সাধু-বৈষ্ণব আর ফকির-দিওয়ানাদের পদভারে মুখর হয়ে উঠেছে সাঁইজির ধাম। ধামের পাশে বিশাল মাঠের খোলা প্রান্তরে গুরু-শিষ্যের মিলনমেলায় মনের মানুষের সন্ধানে আকুল ভক্তরা। চিঠি নেই পত্র নেই, কোনো এক অদৃশ্য সুতোর টানে দলে দলে বাউল সাধু গুরুরা ছুটে এসেছেন আখড়াবাড়িতে।

আখড়াবাড়ির আঙিনায় বসার জায়গা হবে না বলে অনুষ্ঠান শুরুর পাঁচ দিন আগেই এসে আসন পেতেছেন গাজীপুরের লালনভক্ত একদিল শাহ। আলাপকালে এই প্রবীণ বাউল সাধক বলেন, বছরে দুবার সাঁইজির বারামখানায় সাধু-গুরুদের মিলনমেলা বসে। এই দিনটি এলে কিছুতেই বাড়িতে মন টেকে না। সংসারের সব মায়ার সুতো ছিঁড়ে চলে আসেন আখড়াবাড়ি। গত ৩০ বছর ধরে এমনটাই করে আসছেন একদিল শাহ। আরেক বাউল ফকির সইরুদ্দিন শাহ বলেন, আগে এলে সাঁইজির মাজারের কাছাকাছি বসার জায়গা মেলে। আবার অনেক দিন ধরে এখানে কাটানো যায়। এর যে কী আনন্দ, কী স্বাদ তা ভাষায় প্রকাশ করা যাবে না।

বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক ফকির লালন সাঁই দেহত্যাগ করেন। এরপর থেকে তার অনুসারী ভক্ত বাউল সাধকরা এ দিনটিকে লালন স্মরণোৎসব হিসেবে পালন করে আসছেন। লালন একাডেমি প্রতিষ্ঠিত হওয়ার পর এই উৎসবের কলেবর বৃদ্ধি পেয়েছে। এখন প্রতিবছর এ দিনটিকে ঘিরে লালন আখড়াবাড়িতে বসে তিন দিনের উৎসব। শুক্রবার সন্ধ্যায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ আয়োজনের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। এ বছর থেকে সরকার লালনের তিরোধান দিবসকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

আখড়াবাড়ির বাইরে মরা কালীগঙ্গা নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা। সেখানে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

এ উৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে জেলা প্রশাসন ও লালন একাডেমি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি এহতেশাম রেজা জানান, উৎসবের তিন দিন ভক্ত বাউল সাধকরা নিজেদের মধ্যে ভাব বিনিময় করবেন। করবেন নানা তত্ত্বকথার আলোচনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা