প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১১:৫৮ এএম
সেলিম আল দীন
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের পথিকৃৎ, বাংলা নাটকের শেকড়সন্ধানী, গবেষক ও নাট্যকার সেলিম আল দীন। তিনি একদিকে যেমন নিরবচ্ছিন্ন গবেষণার মধ্য দিয়ে তুলে এনেছেন হাজার বছরের বাংলা নাট্যধারা; অন্যদিকে সেই ধারায় নাট্য উপস্থাপনের জন্য লিখেছেন নাটক। বাংলা নাট্যধারা অনুসারে নাটক প্রদর্শনীর জন্য সারা দেশে গড়ে তুলেছেন ‘গ্রাম থিয়েটার’। আজ ১৮ আগস্ট নাট্যাচার্য উপাধিতে ভূষিত বাংলা নাটকের এই শেকড়সন্ধানী গবেষক, নাট্যকার ও সংগঠকের ৭৬তম জন্মবার্ষিকী।
সেলিম আল দীনের এ জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা থিয়েটার ও নাট্যসংগঠন স্বপ্নদল হাতে নিয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে ঢাকা থিয়েটার রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে আয়োজন করেছে ৪ দিনের নাট্যোৎসব। গত ১৫ আগস্ট থেকে শুরু হয়েছে দলটির এ উৎসব। আজ এ উৎসবের শেষ দিনে মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে সেলিম আল দীনের ‘নিমজ্জন’ নাটকের ৯০তম মঞ্চায়ন। এর আগে এ আয়োজনে ঢাকা থিয়েটার প্রবর্তিত তিনটি পদক প্রদান করা হবে। এ পদক তুলে দেওয়া হবে বাংলাদেশের নাটকে বিভিন্ন মাত্রায় অবদান রাখা তিনজন সৃষ্টিশীল নাট্যকর্মীর হাতে।
নাট্যসংগঠন স্বপ্নদল আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন-জন্মোৎসব-২০২৫’। আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবে প্রথম দিন আজ সোমবার সকাল ১০টায় থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ। এরপর সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’-এর ৪৯তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আর সমাপনী দিন আগামীকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে প্রদর্শিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’।
প্রসঙ্গত ১৯৪৯ সালের এই দিনে ফেনীর সেনেরখিলে জন্মগ্রহণ করা নাট্যাচার্য সেলিম আল দীন কর্মজীবন শুরু করেছিলেন একটি বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে। চাকরিজীবন শুরু করলেও পরে তিনি শিক্ষকতা পেশাকেই বেছে নেন। ১৯৭৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং আমৃত্যু এই বিশ্ববিদ্যালয়েই ছিলেন তিনি। এই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সেলিম আল দীন। বাঙলা ভাষার গুরুত্বপূর্ণ এ নাট্যতাত্ত্বিক-নাট্যকার ২০০৮ সালের ১৪ জানুয়ারি প্রয়াত হন।