প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৯:৪৫ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫ ১৯:৪৬ পিএম
ছড়াকার-সাংবাদিক ওবায়দুল গনি চন্দন। ছবি: সংগৃহীত
প্রখ্যাত ছড়াকার-সাংবাদিক ওবায়দুল গনি চন্দনের একাদশ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ১৬ আগস্ট সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পেশায় সাংবাদিক ওবায়দুল গণি চন্দন সর্বশেষ দৈনিক মানবকণ্ঠের ফিচার সম্পাদক ছিলেন। এর আগে তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, বাংলাভিশন, বৈশাখী টেলিভিশনে কাজ করেছেন। রম্য সাময়িকী ‘কার্টুন’ এবং শিশুকিশোর সাময়িকী ‘কিশোর তারকালোকে’ও কাজ করেছেন এই ছড়াকার।
মাত্র ৪২ বছরে বয়সে চলে যাওয়া এই তুখোড় ছড়াকারের প্রকাশিত ছড়ার বইয়ের সংখ্যা ২২টি। এর মধ্যে- ‘কান নিয়েছে চিলে’, ‘আমার মানুষ গান করে’, ‘থাকছি ঢাকায় সবাই ফাইন চারশো বছর চারশো’, ‘আঙুল ফুটে বটগাছ’, ‘লেবেন ডিশের লেবেনচুষ’, ‘ভ্যাবলা ছেলে ক্যাবলাকান্ত’, ‘সবুজ সবুজ মনটা অবুঝ’ অন্যতম।
ছড়ার জন্য ওবায়দুল গনি চন্দন ২০০০ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পান। ছড়ার পাশাপাশি তিনি ছোটগল্প, গান ও টিভি নাটকও লিখতেন।
তার পৈত্রিক বাড়ি ময়মনসিংহের নান্দাইলে, তবে ছেলেবেলা থেকেই ঢাকায় থাকতেন।