প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ১২:৪৪ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২২ ১৯:১৭ পিএম
সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত সংবাদ সম্মেলন। প্রবা ফটো
‘স্পর্ধায় তাড়াব ধেয়ে আসা যত কালো’ শিরোনামে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) থেকে ঢাকার ৯টি মঞ্চে পাঁচ দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করতে যাচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে সংবাদ সম্মেলনে বিজয় উৎসবের বিস্তারিত তুলে ধরেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
তিনি জানান, মঙ্গলবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসবের উদ্বোধন করবেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সে আলোচনায় অংশ নেবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ ও সভাপতিত্ব করবেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
বর্ণাঢ্য উদ্বোধনী পর্বে রয়েছে শহীদবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, এক মিনিট নীরবতা, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের গান, বিজয়ের আবৃত্তি, নৃত্যের সঙ্গে বেলুন উড্ডয়ন। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জোটের জ্যেষ্ঠ সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ৷ এ ছাড়া উপস্থিত ছিলেন জোটের সহসভাপতি ঝুনা চৌধুরী, মীর বরকত, মিজানুর রহমান, সহসাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস, সাংগঠনিক সম্পাদক আজহারুল হক আজাদ প্রমুখ।
এবার ঢাকার যেসব মঞ্চে বিজয় উৎসব হবে সেগুলো হলো—কেন্দ্রীয় শহীদ মিনার, ধানমন্ডি রবীন্দ্রসরোবর মঞ্চ, রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ, মিরপুর-৬ নম্বর সেকশনের মুকুল ফৌজ মাঠ, দনিয়া মাসুদ মঞ্চ, ভিক্টোরিয়া পার্ক, মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি মাঠ, উত্তরা বঙ্গবন্ধু মুক্তমঞ্চ, পূর্বাচল জয় বাংলা স্কয়ার।
গোলাম কুদ্দুছ জানান, ধানমন্ডি রবীন্দ্রসরোবর মঞ্চ, মিরপুর-৬ নম্বর সেকশনের মুকুল ফৌজ মাঠ, ভিক্টোরিয়া পার্ক মাঠগুলোকে প্রয়াত সংস্কৃতিজন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফ, নাট্যকার মান্নান হীরা, গণসংগীত শিল্পী ফকির আলমগীরের নামে নামকরণ করা হবে।
বিজয় মঞ্চে কর্মসূচি শুরু হবে প্রতিদিন বিকাল ৪টায়। অনুষ্ঠানে থাকবে একক ও দলীয় সংগীত, নাটক, নৃত্য, একক ও দলীয় আবৃত্তি, শিশু সংগঠনের পরিবেশনা ও স্মৃতিচারণা।
এসব কর্মসূচি ছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ১৫ ও ১৬ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন, ১৭ ডিসেম্বর বেনাপোল ও যশোর, ২৩ ডিসেম্বর ঢাকার গুলশানে বিচারপতি সাহাবুদ্দীন পার্কে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে। এ কর্মসূচি বাস্তবায়নে দেড় শতাধিক সংগঠনের প্রায় ৩ হাজার শিল্পী অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি-জামায়াতের স্বাধীনতাবিরোধী তৎপরতা ঠেকানোর ঘোষণা দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
তিনি লিখিত বক্তব্যে জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র বিএনপি নেতা হুম্মাম চৌধুরীর বক্তব্য এবং ১০ ডিসেম্বর ঢাকায় এক সমাবেশে বিএনপি ঘোষিত ১০ দফার মধ্যে জঙ্গি দমন আইন বাতিলের দাবি আমাদের শঙ্কিত করে তোলে। এমনি পরিস্থিতিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রত্যাশা হলো, অসাম্প্রদায়িক উদারবাদী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ। ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য সম-অধিকারের বাংলাদেশ নিশ্চিতকরণে এ ঐক্যবদ্ধতার কোনো বিকল্প আছে বলে আমরা মনে করি না। একই উদ্দেশ্যে দেশব্যাপী একটি সাংস্কৃতিক জাগরণ গড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রতিশ্রুতিবদ্ধ এবং ইতোমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়েছে।