প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ২২:৩৪ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ২২:৩৫ পিএম
‘তোমার গানের ছায়ায়’ শিরোনামে গানের আসরে একক সংগীত পরিবশেন করে মুগ্ধতা ছড়িয়েছেন শিল্পী চঞ্চল খান।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ছায়ানট ভবনের রমেশচন্দ্র স্মৃতি মিলনকেন্দ্রে এই গানের আসর আয়োজন করে শুদ্ধমঞ্চ।
অনুষ্ঠানে প্রচলিত-অপ্রচলিত একগুচ্ছ রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন চঞ্চল খান। গানগুলোর মধ্যে ছিল- ‘আমার খেলা যখন ছিল তোমার সনে’, ‘হে ক্ষণিকের অতিথি’, ‘অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি’, ‘আমার হিয়ার মাঝে হেমন্ত’, ‘পথিক পরান চল’, ‘সেদিন দুজনে দুলেছিনু বনে’, ‘তুই ফেলে এসেছিস কারে’, ‘এসেছিলে তবু আস নাই/জানায়ে গেলে’।
আরও ছিল- ‘প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে’, ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’, ‘অলি বার বার ফিরে যায়’, ‘কোথা হতে শুনতে যেন পাই’, ‘যারা বিহান বেলায়, ওগো আমার চির অচেনা পরদেশী’ প্রভৃতি গান।
অনুষ্ঠানে শিল্পী ড. চঞ্চল খান বলেন, ‘সঙ্গীতচর্চা জীবিকা নয়, সঙ্গীত আমার কাছে যাপিত জীবনের অবলম্বন। দেশে-বিদেশে রবীন্দ্রসঙ্গীতকে সবার মধ্যে ছড়িয়ে দিতে, বাঙালি সংস্কৃতিকে বিকশিত করার জন্য চেষ্টা করছি।’
ছায়ানটের এক সময়কার শিক্ষার্থী ড. চঞ্চল খানের ১২টি একক ও মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একাধিক প্রমাণ্যচিত্র নির্মাণ করেছেন তিনি।