বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২ ১৯:১৭ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২২ ১৯:৩৭ পিএম
কবি সম্মেলন আয়োজন নিয়ে কথা বলছেন কথা সাহিত্যিক বজলুল করিম বাহার। ছবি : প্রবা
বগুড়ায় শুক্রবার (২৫ নভেম্বর) থেকে তিন দিনের কবি সম্মেলন শুরু হচ্ছে।
বগুড়া লেখক চক্রের আয়োজনে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কবি কামাল চৌধুরী। প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজনের খুঁটিনাটি তুলে ধরেন।
কবি ইসলাম রফিক জানান, বগুড়ায় অনুষ্ঠেয় কবি সম্মেলনে প্রতি বছরের ন্যায় এবারও শিল্প-সাহিত্য ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশিষ্ট পাঁচ বিশিষ্টজনকে সম্মাননা জানানো হবে। সংবাদ সম্মেলনে বিশিষ্ট কথা সাহিত্যিক বজলুর করিম বাহারসহ বগুড়া লেখকচক্রের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কবি ইসলাম রফিক জানান, ১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই বগুড়া লেখক চক্র প্রতি বছর কবি সম্মেলনের আয়োজন করে আসছে। এবারের সম্মেলন দেশের অর্ধশত জেলা এবং বিদেশ থেকে অন্তত ৩০০ কবি-সাহিত্যক উপস্থিত থাকবেন। কবি সাহিত্যিদের মিলনমেলা উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তন চত্বরে বাংলা একাডেমিসহ অন্যান্য প্রকাশনী এবং বগুড়া লেখক চক্রের স্টল থাকবে। বইয়ের স্টলের পাশাপাশি নির্ধারিত স্টলে বগুড়ার বিখ্যাত মিষ্টান্ন দ্রব্য ‘কটকটি’ এবং স্থানীয় জাতের ‘হাগরাই আলু’ পাওয়া যাবে।
ইসলাম রফিক জানান, তিন দিনের সেম্মেলন শেষ দিন শহরের মমইন ইকো পার্কে ‘কবিতা ভ্রমণ’-এর আয়োজন থাকবে। এবার যে পাঁচজনকে সম্মাননা দেওয়া হচ্ছে তারা হলেন-কবিতায় মুজিব মেহেদী, কথাসাহিত্যে প্রশান্ত হালদার, প্রবন্ধ সাহিত্যে সরকার আব্দুল মান্নান, লিটল ম্যাগাজিন সম্পাদনায় শফিক সেলিম এবং সাংবাদিকতায় আমজাদ হোসেন মিন্টু। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মুহাম্মদ শহিদুল্লাহ, কবি শিবলী মোকতাদির, খৈয়াম কাদের, অ্যাডভোকেট পলাশ খন্দকারসহ স্থানীয় কবি-সাহিত্যকরা উপস্থিত ছিলেন।