× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ

হাসান সিকদার

প্রকাশ : ১৭ মে ২০২৪ ১৯:০১ পিএম

টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ

টাঙ্গাইলের ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদটি এখন উদ্বোধনের অপেক্ষায়। মসজিদটির পশ্চিমাংশে উত্তর-দক্ষিণে বয়ে গেছে যমুনার শাখা ঝিনাই নদী। জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মিত হয়েছে মসজিদটি। সমাজমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা হওয়ায় মসজিদটি দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী ভিড় করছে। মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০১৩ সালের ১৩ জানুয়ারি মসজিদের নির্মাণকাজ শুরু হয়। মসজিদটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১০০ কোটি টাকা। ২০১৭ সালে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে ৯৫ ভাগ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাবা শরিফের ইমাম মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দৃষ্টিনন্দন এ মসজিদের ছাদে ৮১ ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। এ বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ রয়েছে ২০০। প্রতিটির উচ্চতা ১৭ ফুট। মূল মসজিদের চার কোণে রয়েছে চারটি মিনার। প্রতিটির উচ্চতা ১০১ ফুট। পাশাপাশি আরও চারটি মিনার রয়েছে ৮১ ফুট উচ্চতার। ৪৫১ ফুট উচ্চতা বিশিষ্ট ৫৭ তলা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিনার হবে। ১৪৪ ফুট দৈর্ঘ্য ও ১৪৪ ফুট প্রস্থের দ্বিতল মসজিদে একসঙ্গে প্রায় ১৫ হাজার মুসুল্লি নামাজ আদায় করতে পারবে। মসজিদের ভেতরে চার দেয়ালের টাইলসে অঙ্কিত রয়েছে পূর্ণ পবিত্র কুরআন শরিফ। যে-কেউ বসে বা দাঁড়িয়ে, দিনে বা রাতে যেকোনো সময় মসজিদের দেয়ালে অঙ্কিত কুরআন শরিফ পড়তে পারবে। মসজিদের প্রধান ফটক নির্মাণে ব্যবহার করা হয়েছে ৫০ মণ পিতল। মসজিদের পাদদেশে ২২ বিঘা জমির ওপর একটি সুদর্শন হেলিপোর্ট স্থাপন হয়েছে। ১৫ বিঘা জমির ওপর বিশাল মসজিদ কমপ্লেক্সটি অবস্থিত। এ ছাড়া মসজিদের পাশে নির্মাণ করা হচ্ছে সুবিস্তৃত আলাদা ভবন। ওই ভবনে থাকবে মাদ্রাসা কমপ্লেক্স, এতিমখানা, দুস্থ নারীদের চিকিৎসার জন্য বিনামূল্যের হাসপাতাল, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। রয়েছে বেকার যুবকদের কারিগরি শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করার প্রকল্প। মসজিদে একজন ইমাম, একজন মুয়াজ্জিন ও ২২ জন খাদেম নিয়োগ দেওয়া হয়েছে।

রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের সদস্য ও তার ছোট ভাই আবদুল করিম বলেন, ‘আমার ভাইয়ের স্বপ্ন ছিল ব্যতিক্রম কিছু করার। সে চিন্তা থেকেই এ মসজিদ নির্মাণের উদ্যোগ। মসজিদটি নির্মাণে সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা