ফাহিম শাহরিয়ার শাফাত
প্রকাশ : ১০ মে ২০২৪ ১৩:৫৬ পিএম
ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হয়ে
আছে সপ্তদশ শতকে প্রতিষ্ঠিত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে অবস্থিত চুনতি
বড় ও ছোট মিয়াজি জামে মসজিদ। ১৬৬৮ সালে ইউনিয়নের বড় মিয়াজি পাড়ায় মসজিদটি স্থাপিত হয়।
১৯৭৭ সালে সংস্কার করে মসজিদটির এক তলা পাকা করা হয়। সর্বশেষ ২০১০ সালে পুরাতন মসজিদ
ভবন ভেঙে আধুনিক শৈলীতে মনোমুগ্ধকর দ্বিতল মসজিদ নির্মাণ করা হয়েছে।
চুনতির ঐতিহ্যবাহী মিয়াজি বংশের
প্রতিষ্ঠাতা প্রখ্যাত সুফিসাধক খন্দকার নছরুল্লাহ মিয়াজি (রহ.) সপ্তদশ শতকের শুরুতে
চুনতি গ্রামে বসতি স্থাপন করেন। তার দুই সন্তান। শাহ শরীফ ও শাহ আবু শরীফ। যারা বড়
মিয়াজি ও ছোট মিয়াজি নামে পরিচিত ছিলেন। তারা দুই ভাই চুনতির সবচেয়ে প্রাচীন ও প্রথম
এ মসজিদ প্রতিষ্ঠা করেন।
এক গম্বুজ, চার মিনার বিশিষ্ট
এ মসজিদে বর্তমানে সাত সমাজের প্রায় দেড় হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে।
মসজিদের দুই পাশে বড় মিয়াজি ও ছোট মিয়াজি (রহ.)-এর কবর। ডান পাশে অজুখানা, শৌচাগার
ও ঈদগাহ। মসজিদের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে হেফজখানা, ফোরকানিয়া ও নুরানি মাদ্রাসা।
মসজিদের ইমাম হাফেজ সাইফুল আলম
সোহেল জানান, এ মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতির পাশাপাশি চুনতি বড় ও ছোট মিয়াজি
(রহ.) হেফজখানা, ফোরকানিয়া ও নুরানি মাদ্রাসার দায়িত্বও পালন করেন। প্রাচীন এ মসজিদে
দায়িত্ব পালন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন তিনি।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি
জান মোহাম্মদ সিকদার জানান, মসজিদের জায়গায় বাগান ও মাছের খামার থেকে আয় এবং এলাকাবাসীর
সহযোগিতায় ২০১০ সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়।