ইসলামী স্থাপত্য
মোহন আখন্দ
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩ ১৭:৫৬ পিএম
বড় মসজিদ, বগুড়া। প্রবা ফটো
বগুড়ায় ‘বড় মসজিদ’
নামে পরিচিত কেন্দ্রীয় জামে মসজিদই শহরের সবচেয়ে প্রাচীন মসজিদ। মুঘল শাসক শাহ আলমের
শাসনামলে ১৭৮৭ সালে এটি নির্মাণ করা হয়। কথিত আছে কুন্দগ্রামের জমিদার সৈয়দ আকবর হোসেন
চৌধুরী স্বপ্নে মসজিদ তৈরির জন্য নির্দেশনা পেলে একদিন ঘোড়ার গাড়িতে কুন্দগ্রাম থেকে
বগুড়ায় আসেন। করতোয়া নদীর তীরে অবস্থিত সুফি সাধক শাহ ফতেহ আলীর মাজারের ৫০/৬০ গজ সামনে
তিনি স্বপ্নে দেখা জায়গাটি খুঁজে পেয়ে মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। তবে নির্মাণ
শেষ করার পূর্বেই সৈয়দ আকবর হোসেন ইন্তেকাল করেন। পরে তার মেয়ে লতিফাতুন নেছা মসজিদের
নির্মাণ কাজ সম্পন্ন করেন।
সৈয়দ আকবার হোসেন
চৌধুরীর বংশধর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াব মোহাম্মদ আলী চৌধুরী। মরহুম
মোহাম্মদ আলী চৌধুরীর নাতি সৈয়দ রায়হান হাসান আলী মসজিদের বর্তমান মোতাওয়াল্লি। মসজিদটি
পরিচালনার জন্য জেলা প্রশাসকের (পদাধিকার বলে) নেতৃত্বে ৩৭ সদস্যের একটি কমিটি রয়েছে।
মুঘল শাসনামলে নির্মিত অন্যান্য মসজিদের মতো বগুড়ার বড় মসজিদটিও তিন গম্বুজবিশিষ্ট।
চুন ও সুরকি দিয়ে নির্মিত মসজিদটির দৈর্ঘ্য ৭০ ফুট এবং প্রস্থ ৩৫ ফুট। দেয়ালের পুরুত্ব
৪০ ইঞ্চি। মসজিদে প্রবেশের জন্য রয়েছে পাঁচটি দরজা। এর মধ্যে তিনটি পূর্ব দিকে, বাকি
দুটির একটি উত্তর এবং অপরটি দক্ষিণ দিকে। মূল মসজিদে তিন কাতারে মোট ৭৫ জন নামাজ আদায়
করতে পারেন। মসজিদের পশ্চিমে একটি পুকুরও ছিল। ওই পুকুরের পানি দিয়ে মুসল্লিরা অজু
করতেন। কালক্রমে পুকুর ভরাট করে টয়লেট, অজুখানা এবং দোকানপাট নির্মাণ করা হয়। ১৯৯৬
সালে মসজিদের পূর্ব প্রান্তে একটি সুউচ্চ মিনার নির্মাণ করা হয়।
প্রতিষ্ঠালগ্নে
মূল মসজিদের পূর্ব প্রান্তরটি উন্মুক্ত ছিল। মূল মসজিদ পূর্ণ হয়ে গেলে মুসল্লিরা উন্মুক্ত
প্রান্তরে নামাজ আদায় করতেন। ১৯৭৫ সালের জানুয়ারিতে মসজিদে মুয়াজ্জিন হিসেবে যোগদান
করা প্রধান মুয়াজ্জিন আরিফ বিল্লাহ বলেন, পুরোনো এবং সম্প্রসারিত অংশ মিলে বর্তমানে
মসজিদে একসঙ্গে প্রায় ৩ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদটিতে নবাব পরিবারের
সদস্যসহ বিখ্যাত অনেক ব্যক্তি নামাজ আদায় করার কথাও জানান তিনি। যাদের মাঝে রয়েছেন
পাকিস্তানের প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরী এবং তাদের আত্মীয়স্বজন। এ ছাড়া
ভারতের ফুরফুরা শরিফের প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক এবং কারামত আলী জৈনপুরী পীরও
এখানে নামাজ আদায় করেছেন।
বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ও একসময় বড় মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন। বড় মসজিদে দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে নামাজ আদায় করে আসা মুসল্লি আ.ন.ম আজিজুর রহমান বলেন, বড় মসজিদ শহরের সবচেয়ে প্রাচীন মসজিদ। এখানে নামাজ আদায় করে মানসিকভাবে এক ধরনের তৃপ্তি মেলে। মসজিদের খতিব আজগর আলী বলেন, মুসল্লিদের অনেকে আমাকে বলেছেন, আধ্যাত্মিকতার স্বাদ পেতে তারা এই মসজিদে নামাজ আদায় করতে আসেন।