ইসলামী স্থাপত্য
তরিকুল ইসলাম মিঠু
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩ ১৩:১৭ পিএম
কেশবপুর শেখপুরা জামে মসজিদ
শেখপুর জামে মসজিদ
যশোরের প্রাচীন স্থাপনা এবং বাংলাদেশের অন্যতম একটি সংরক্ষিত পুরাকীর্তি ঐতিহ্যের ধারক।
এটি জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের শেখপুরা গ্রামে অবস্থিত। উপজেলা সদর
থেকে ১২ কিলোমিটার দূরের এ মসজিদটি সপ্তদশ শতকে সম্রাট আওরঙ্গজেবের শাসনামলের স্থাপনা।
১৯৯৭ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর একে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে নথিভুক্ত
করে।
তিন গম্বুজ বিশিষ্ট
মসজিদটি মুঘল স্থাপত্যরীতিতে তৈরি। মসজিদের পুব পাশে চারটি স্তম্ভের ওপর দাঁড় করানো
একটি বারান্দা ছিল, যার ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান। মূল বারান্দা থেকে পুব দিকে একটি
১ মিটার উঁচু দেয়াল রয়েছে। এ দেয়ালঘেরা চত্বরের দক্ষিণ ও উত্তর পাশে রয়েছে দুটি
প্রবেশপথ। ১২ মিটার উঁচু মসজিদটির দৈর্ঘ্য ২১.৫ ও প্রস্থ ১৬.৬ মিটার।
মসজিদের মুসল্লি
নজরুল ইসলাম বলেন, ‘এ অঞ্চলের প্রাচীনতম মসজিদগুলোর অন্যতম এ মসজিদের গঠন ঠিক রেখে
সংস্কার করা দরকার।’ মসজিদটি মুঘল আমলে নির্মিত বলে মনে করেন ১২ বছর বয়স থেকে মুয়াজ্জিনের
দায়িত্ব পালন করা বর্তমান ইমাম রবিউল ইমাম। মসজিদটি এলাকায় ৪০০ বছর ধরে ইসলামের বাণী
ছড়াচ্ছে মন্তব্য করে তিনি এটি সংস্কারের দাবি জানান।
মসজিদ কমিটির
সভাপতি রাশেদুল ইসলাম প্রাচীনত্ব ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় মসজিদটি সংস্কারে বাংলাদেশ
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতি আহ্বান জানান। বর্তমানে মসজিদদের সামনে প্রত্নতত্ত্ব
অধিদপ্তরের একটি সাইনবোর্ড রয়েছে। সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুর
ইসলাম মুক্ত নির্মাণশৈলী ঠিক রেখে মুসল্লিদের জন্য মসজিদটি সংরক্ষণ ও সংস্কারের দাবি
জানান।