প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:০১ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৪ পিএম
ছবি সংগৃহীত
শুভ জন্মাষ্টমী আজ বুধবার। সনাতন হিন্দুধর্মের প্রবর্তক ও প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ আজকের এই দিনে পৃথিবীতে আবির্ভূত হন। দেশের সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করবেন।
সনাতন ধর্মানুসারে, অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে শ্রীকৃষ্ণের আবির্ভাব। দ্বাপর যুগের শেষ দিকে মহাপুণ্য তিথিতে মথুরা নগরে অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমী পালন উপলক্ষে দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীরা নানা ধর্মীয় আড়ম্বর-আনুষ্ঠানিকতার আয়োজন করেছে। জন্মাষ্টমী সরকারি ছুটির দিন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণের মূল লক্ষ্য ছিল সমাজে ভ্রাতৃত্ব এবং সাম্য প্রতিষ্ঠা করা। তিনি আজীবন শান্তি, মানবপ্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখেছেন। আশা করি, শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচি
জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে দুদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ৯টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ ও বেলা ৩টায় ঐতিহাসিক জন্মাষ্টমী শোভাযাত্রা ও রাতে শ্রীকৃষ্ণ পূজা। শোভাযাত্রা রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হবে। শোভাযাত্রা চলার সময় যানজট এড়ানোর লক্ষ্যে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট-বঙ্গবাজার-নগর ভবন-গোলাপশাহ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায়সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত রুট পরিহারের জন্য এলাকায় চলাচলরত গাড়িচালক ও ব্যবহারকারীদের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দ্বিতীয় দিন বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) জন্মাষ্টমী উপলক্ষে স্বামীবাগ আশ্রমে পাঁচ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।