সাজ্জাত লতিফ
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১১:০০ এএম
টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান বাড়ি মসজিদ। প্রবা ফটো
ইতিহাস ও ঐতিহ্যের প্রাচীনতম নিদর্শন টাঙ্গাইলের সখীপুর উপজেলার দেওয়ান বাড়ি মসজিদ। প্রায় একশ আশি বছরের প্রাচীন আট গম্বুজবিশিষ্ট মসজিদটি স্বমহিমায় দাঁড়িয়ে আছে। দেওয়ান পরিবারের পূর্বপুরুষ পীরে কামেল হজরত শাহ সুফি মো. গোমর আলী দেওয়ান (রহ.) ১৮৪০ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে ইট, চুনাপাথর ও সুরকি। ৫০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের মসজিদের প্রতিটি দেয়াল ৪০ ইঞ্চি পুরু। চোখ জুড়ানো বিস্ময়কর এই প্রাচীন স্থাপত্যের পিলারগুলোতে কোনো লোহা বা রড ব্যবহার করা হয়নি।
পাঁচ প্রকোষ্ঠের মসজিদের ভেতরে ও বাইরে রয়েছে নানা কারুকাজ। মসজিদের উত্তরপাশে রয়েছে বিশাল পুকুর। তার পাশেই কবরস্থান। এ ছাড়া মসজিদের সঙ্গেই রয়েছে বিশাল এক ঈদগাহ মাঠ। ইমামের তত্ত্বাবধানে মসজিদটিতে রয়েছে মক্তবখানা। যেখানে প্রতিদিন সকালে নিয়মিত কুরআন শিক্ষা দেওয়া হয়।
মসজিদের পেশ ইমাম আইন উদ্দিন বলেন, ‘এমন একটি প্রাচীন মসজিদের ইমামতি করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।’ বংশানুক্রমিক ধারায় মসজিদের বর্তমান মোতাওয়াল্লি মাহমুদা হাবীব বলেন, মসজিদটি প্রায় দেড়শ বছর আগে নির্মাণ করা হয়েছে। এটি সখীপুরের প্রাচীন মসজিদের অন্যতম।