× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আত্মীয়তার বন্ধন রক্ষা প্রসঙ্গে

তাসকিন জাহান

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১২:০৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আত্মীয়তার বন্ধন ছিন্ন করা মারাত্মক অপরাধ। আল্লাহতায়ালা কুরআন মজিদে আত্মীয়তার বন্ধন ছিন্নকারীদের নিন্দার পাশাপাশি তাদের প্রতি অভিশাপ দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহতায়ালাকে দেওয়া দৃঢ় অঙ্গীকার ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ন রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তাদের জন্য রয়েছে অভিশাপ এবং তাদের জন্যই রয়েছে মন্দ আবাস।’- সূরা আর রাদ : ২৫ 

হাদিসে বলা হয়েছে, ‘আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না।’, ‘আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর নেক আমল আল্লাহ গ্রহণ করেন না।’, ‘মহান আল্লাহ আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকেন।’ হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আবু বাকরা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘দুটি গোনাহ ছাড়া এমন কোনো গোনাহ নেই যে গোনাহগারের শাস্তি আল্লাহতায়ালা দুনিয়াতেই দেবেন এবং তা দেওয়াই উচিত, উপরন্তু তার জন্য আখেরাতের শাস্তি তো আছেই। গোনাহ দুটি হচ্ছেÑ অত্যাচার ও আত্মীয়তার বন্ধন ছিন্নকারী।’- জামে তিরমিজি : ২৫১১

আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে আল্লাহতায়ালাও তার সঙ্গে নিজ সম্পর্ক ছিন্ন করেন। হজরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহতায়ালার সৃষ্টিকুল সৃজন শেষে আত্মীয়তার বন্ধন (দাঁড়িয়ে) বলল, এটিই হচ্ছে সম্পর্ক বিচ্ছিন্নতা থেকে আশ্রয় প্রার্থনাকারীর স্থান। আল্লাহ বললেন, হ্যাঁ, ঠিকই। তুমি কি এ কথায় সন্তুষ্ট নও যে, আমি ওর সঙ্গেই সম্পর্ক স্থাপন করব, যে তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে এবং আমি ওর সঙ্গেই সম্পর্ক বিচ্ছিন্ন করব, যে তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবে। তখন সে বলল, আমি এ কথায় অবশ্যই রাজি আছি হে আমার রব! তখন আল্লাহ বললেন, তা হলে তোমার জন্য তাই হোক।’- সহিহ বোখারি : ৪৮৩০

কেউ কেউ মনে করেন, আত্মীয়স্বজনরা তার সঙ্গে দুর্ব্যবহার করলে তাদের সঙ্গে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা জায়েজ; বিষয়টি তেমন নয়। বরং আত্মীয়রা আপনার সঙ্গে দুর্ব্যবহারের পরও আপনি যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার দেখান, তখনই আপনি তাদের সঙ্গে আত্মীয়তার বন্ধন রক্ষা করেছেন বলে প্রমাণিত হবে। শত্রুভাবাপন্ন কোনো আত্মীয়ের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার দেখালেই আপনি তখন তাদের ব্যাপারে সরাসরি আল্লাহর সাহায্যপ্রাপ্ত হবেন। তখন তারা কখানোই আল্লাহর ইচ্ছা ছাড়া আপনার এতটুকুও ক্ষতি করতে পারবে না। শত্রুভাবাপন্ন কোনো আত্মীয়কে সদকা করা সর্বশ্রেষ্ঠ সদকা। উম্মে কুলসুম বিনতে উকবাহ, হাকিম ইবনে হিজাম ও আবু আইয়ুব (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, ‘সর্বশ্রেষ্ঠ সদকা হচ্ছে আত্মীয়দের মধ্যে যে আপনার শত্রু তার ওপর সদকা করা।’- বায়হাকি : ১৩০০ 

আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর সঙ্গে আত্মীয়তার বন্ধন রক্ষা করা সর্বশ্রেষ্ঠ আমল। আত্মীয়স্বজনকে চেনা-জানা একজন মুমিনের অবশ্যই কর্তব্য। তা হলেই কেবল আত্মীয়তার বন্ধন রক্ষা সম্ভব, নতুবা নয়। ইসলামের বিধানে বলা হয়েছে, আত্মীয়দের দান করলে দুটি সওয়াব পাওয়া যায়। একটি দানের সওয়াব, অপরটি আত্মীয়তার বন্ধন রক্ষা করার। 

আত্মীয়তার বন্ধন রক্ষার বিশেষ গুরুত্বের কারণেই রাসুলুল্লাহ (সা.) অন্ততপক্ষে সালাম বিনিময়ের মাধ্যমে হলেও আত্মীয়তার বন্ধন রক্ষার কথা বলেছেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত নবী করিম (সা.) বলেন, ‘অন্ততপক্ষে সালাম বিনিময়ের মাধ্যমে হলেও তোমরা তোমাদের আত্মীয়তার বন্ধন রক্ষা করো।’- মুসনাদের বাযযার : ১৮৭৭

বর্তমান সমাজে আত্মীয়তার সম্পর্ক ছিন্নের অন্যতম কারণ উত্তরাধিকার সম্পত্তি থেকে বোন-ফুফুদের বঞ্চিত করা। অথচ উত্তরাধিকার সম্পত্তি থেকে কাউকে বঞ্চিত করা হারাম। এ বিষয়ে সাধারণ মুসলমানের উদাসীনতা ব্যাপকভাবে পরিলক্ষিত, যা কোনোভাবেই কাম্য নয়। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আনাস (রা.) হতে বর্ণিত হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে রিজিক ও হায়াতের মধ্যে বরকত চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে।’- মুত্তাফাকুন আলাইহি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা