ইসলামি স্থাপত্য
তারিকুল ইসলাম
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪১ পিএম
মুন্সীবাড়ি মসজিদ, নড়াইল।
জনশ্রুতি রয়েছে, এক রাতে নির্মিত হয়েছিল নড়াইল সদর উপজেলার গোয়ালবাথান ঐতিহ্যবাহী মুন্সীবাড়ি মসজিদ। প্রায় ৪০০ বছর আগে হঠাৎ গ্রামে এসে বসত গড়েন মুন্সী হবৎউল্লাহ নামে এক ব্যক্তি। তিনি মসজিদ এবং এর সংলগ্ন একটি পুকুর খনন করেন। সেই থেকে ওই গ্রামে ধীরে ধীরে জনবসতি গড়ে ওঠে, ওই স্থানসহ আশপাশ এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ ওই মসজিদে নিয়মিত নামাজ আদায় করতে থাকে। সে সময় আশপাশে অন্য কোনো মসজিদ না থাকায় বিভিন্ন এলাকা থেকে মুসল্লি এখানে নামাজের জন্য আসত।
গোয়ালবাথান গ্রামের মুন্সীবাড়ির এ মসজিদটি জেলার প্রাচীনতম মসজিদ। ছোট ছোট ইট আর চুনসুরকির গাঁথুনির মাধ্যমে মসজিদটি নির্মিত হয়েছে। মসজিদের ছাদের ওপরে চারপাশে ছোট ছোট চারটি মিনার এবং মাঝখানে একটি বড় গম্বুজ রয়েছে।
ঐতিহ্যবাহী মসজিদটি দীর্ঘদিন সংস্কার না করায় প্রায় ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। পরে স্থানীয় প্রশাসন ও জেলা পরিষদের অর্থায়নে মসজিদটির সংস্কার করা হয়। ইতিহাস-ঐতিহ্যের ধারক গোয়ালবাথান গ্রামের মুন্সীবাড়ি মসজিদটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এ মসজিদে বিভিন্ন এলাকার মুসল্লি নামাজ আদায় করতে আসে। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মসজিদটি দেখার জন্য আসে।