শাহীন হাসনাত
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১১:০৮ এএম
আমাদের প্রাত্যহিক রুটিনে দোয়া-দরুদ, জিকির-কুরআন তিলাওয়াত ও তওবা-ইসতিগফারের অজিফা (আমল) থাকা বাঞ্ছনীয়।
অলসতা ও অবহেলায় কেটে যায় আমাদের বহু সময়। অপেক্ষায় অপেক্ষায়ও চলে যায় জীবনের অনেক খুচরো মুহূর্ত। ডাক্তার দেখাতে গিয়ে সিরিয়ালে রয়েছি, বাসের অপেক্ষায় বসে আছি, গাড়িতে চলন্ত অবস্থায় গন্তব্যে পৌঁছার অপেক্ষায় রয়েছি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে জীবনের খণ্ড খণ্ড সময়গুলো অতিবাহিত হতে থাকে। একটু মনোযোগ দিলেই আমরা এ সময়গুলো মূল্যবান, ফলপ্রসূ ও কল্যাণময় করে তুলতে পারি। এজন্য বাড়তি কোনো মেহনতের দরকার নেই, শুধু প্রয়োজন সদিচ্ছা।
সৌদি আরবে এক হোটেলের রিসিপশনে আরবিতে লিখিত একটি কথা মনে গেঁথে আছে। ‘অপেক্ষার শূন্য মুহূর্তগুলো পূর্ণ করো ইসতিগফারে।’ প্রথমবারে নয়, একটু চিন্তা করলেই বুঝে আসে এটি অত্যন্ত মূল্যবান একটি উক্তি। সত্যিই তো, আমাদের অপেক্ষার প্রহরগুলো কেমন যেন আমলনামায় শূন্য থেকে যাচ্ছে অথবা অনর্থক কিংবা গুনাহের কাজে ব্যয় হচ্ছে; এ শূন্যস্থানটুকু আমরা মোবাইলে গেম না খেলে, টেলিভিশন না দেখে, চুপচাপ বসে না থেকে ইসতিগফারের মাধ্যমে পূর্ণ করতে পারি।
প্রয়োজনে-অপ্রয়োজনে জীবনে এমন অনেক পরিস্থিতি তৈরি হয় যেখানে একটি কাজের জন্য দীর্ঘ সময় অলস বসে থাকতে হয়। কাজেই অবসরের সেই সময়টুকু যদি দোয়া-দরুদ, জিকির-কুরআন তিলাওয়াত ও তওবা-ইসতিগফারে অর্থবহ করে তুলতে পারি, তখন আমলনামার সেই শূন্যস্থানগুলো পুণ্যে পুণ্যে পূর্ণ হয়ে উঠবে। আর বান্দা তার রবের নৈকট্য ও ক্ষমা লাভ করতে থাকবে।
এমনিতেই আমাদের প্রাত্যহিক রুটিনে দোয়া-দরুদ, জিকির-কুরআন তিলাওয়াত ও তওবা-ইসতিগফারের অজিফা (আমল) থাকা বাঞ্ছনীয়। মুমিন বান্দা সকালসন্ধ্যার দোয়াগুলোর ব্যাপারে যত্নবান থাকবে। নিয়মিত জিকির-তিলাওয়াত এবং দোয়া-মোনাজাত করবে। এতে তার ইমানি উন্নতি ও আত্মিক উৎকর্ষ সাধিত হবে।
এ ছাড়া চব্বিশ ঘণ্টায় টুকরো টুকরো যে মুহূর্তগুলো এমনি এমনি কেটে যায়, সেগুলোও যথার্থ কাজে লাগানো যায়। এ সময়ে ইসতিগফার, জিকির-কুরআন তিলাওয়াত করা যায়, দরুদের আমল করা যায়। এ ছাড়া কুরআন-হাদিস থেকে সুন্দর কোনো দোয়া পড়া সম্ভব।
এ ছাড়া আরও অনেকভাবে সময়গুলো অর্থবহ করা যায়। তবে এর জন্য প্রয়োজন কিছুটা অনুশীলন এবং কিঞ্চিত মনোযোগ। এটা তখনই সম্ভব হবে, যখন আমরা সময়কে মেপে মেপে কাজে লাগাতে অভ্যস্ত হব।
সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, কেবল রাজধানী ঢাকাতেই সড়কে দৈনিক ৮০ লাখের বেশি কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যানজটের কারণে প্রতিদিন যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তার আর্থিক মূল্য প্রায় ১৪০ কোটি টাকা। এটা তো শুধু সড়কে ভেসে যাওয়া সময়গুলোর একটি জরিপ। এ ছাড়া আরও কতভাবে যে আমাদের মূল্যবান সময়গুলো চলে যায় তা আমরা সব সময় খেয়ালও করি না। শপিংয়ের নামে শপিং মলে অযথা ঘোরাঘুরিতে নষ্ট হয় প্রচুর সময়। এ ক্ষেত্রে অর্থ ও সময়ের প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় ব্যয়ের মার্জিনটাও সতর্কতার সঙ্গে বিবেচনায় রাখা কাম্য। বন্ধুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ একটি ভালো কাজ। তবে তা যদি আড্ডার রূপ নেয়, তাহলে কত সময় নষ্ট হয়! এসব ক্ষেত্রে মনে রাখতে হবে নবী কারিম (সা.)-এর বাণী, ‘ব্যক্তির ইসলামের সৌন্দর্য অনর্থক বিষয় পরিহার করা।’ Ñজামে তিরমিজি : ২৩১৮
নবী কারিম (সা.) আরও বলেন, দুটি নেয়ামত এমন রয়েছে, যে ব্যাপারে অসংখ্য মানুষ প্রতারিত হয়। এক. সুস্থতা দুই. অবসর। Ñসহিহ বোখারি : ৬০৪৯
কাজেই সুস্থতা ও অবসরকে কাজে লাগিয়ে আমরা জীবন সার্থক করতে পারি। হাদিস শরিফে ছোট ছোট দোয়া-জিকির শিক্ষা দেওয়া হয়েছে, যা সহজেই পড়া যায়। খুচরো সময়গুলোতে সেসব দোয়া-জিকির পড়ার অভ্যাস করা যায়। মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি জিকির করা যায়। দরুদ শরিফের আমল করা যায়। ছোট কোনো সুরা যেমন সুরা ইখলাস ইত্যাদি তিলাওয়াত করতে থাকা যায়। নেক ও কল্যাণের কোনো বিষয়ে ফিকির করা যায়। আল্লাহতায়ালার কুদরত ও বড়ত্বের কথা চিন্তা করা যায়। সবই নেক আমল।