× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীর মোহরানা আদায়ে বিলম্ব নয়

তাসকিন জাহান

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১১:৪৫ এএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১১:৪৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিধানমতে দেনমোহর ধার্য করা ছাড়া বিয়ে সম্পন্ন হয় না। এটা স্ত্রীর প্রাপ্য। বিয়েতে ধার্যকৃত দেনমোহর স্বামীকে অবশ্যই পরিশোধ করতে হবে। কিন্তু এ বিষয়ে সমাজে চরম অজ্ঞতা ও উদাসীনতা বিরাজমান। দীন-ধর্ম ভালোবাসেন এবং নামাজ-রোজা পালন করেন এমন অনেক মানুষও মোহরের বিষয়ে সচেতন নন। এ বিষয়ে উদাসীনতা এত প্রকট যে, অনেকে নফল নামাজ পড়াকে যতটা গুরুত্বপূর্ণ মনে করেন, মোহর আদায়কে তার সিকি ভাগও মনে করেন না। অথচ তা একটি ফরজ বিধান ও বান্দার হক, যা আদায় করা ছাড়া মানুষ প্রকৃত দীনদার হতে পারে না। এজন্য প্রথমেই দরকার মোহরের গুরুত্ব উপলব্ধি করা। এরপর তা আদায়ে সচেষ্ট হওয়া। ইসলামের দৃষ্টিতে মোহর একটি ঋণ।

ঋণ নেওয়া এমন কোনো মামুলি বিষয় নয় যে ইচ্ছামতো নিয়ে ভোগ করলাম, পরে আর তা পরিশোধ করলাম না; বরং ঋণের দায়বদ্ধতা বড় কঠিন এবং এর পরিণতি ভয়াবহ। হাদিসে হজরত রাসুলুল্লাহ (সা.) ঋণকে ‘মহব্বত ও ভালোবাসার কাঁচি’ বলে উল্লেখ করেছেন। ঋণ আত্মীয়তা ও ভ্রাতৃত্বের বন্ধন বিনষ্ট করে দেয়। এজন্য যথাসম্ভব ঋণ না নিয়ে অল্পে তুষ্ট থাকা উচিত।

আল্লাহতায়ালা আল কুরআনে ঋণ পরিশোধের ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। ঋণগ্রহীতার মৃত্যুর পর ওয়ারিশদের মধ্যে সম্পত্তি বণ্টনের আগে ঋণ আদায় করার কথা বলেছেন। Ñসুরা আন নিসা : ১২

ইসলামের বিধানে ঋণ বান্দার হকের অন্তর্ভুক্ত। এজন্য পরিশোধ করা ছাড়া এর দায়বদ্ধতা থেকে ঋণগ্রহীতা কোনোভাবেই মুক্তি পাবে না। হজরত আবদুল্লাহ ইবনে জাহাশ (রা.) থেকে বর্ণিত। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সেই সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ! আল্লাহর রাস্তায় কেউ শহীদ হলো, সে পুনরায় জীবিত হলো, আবার শহীদ হলো, এরপর জীবিত হয়ে আবার শহীদ হলো, তবু সে জান্নাতে যাবে না, যতক্ষণ না সে স্বীয় ঋণ পরিশোধ করবে।’ Ñসহিহ বোখারি

হজরত রাসুলুল্লাহ (সা.) সব সময় ঋণ থেকে আশ্রয় কামনা করতেন এবং একে কুফরের সঙ্গে তুলনা করেছেন। হজরত আবু সাইদ খুদরি (রা.) বলেন, ‘হজরত রাসুলুল্লাহ (সা.) সব সময় ঋণ ও কুফর থেকে আশ্রয় চাইতেন। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! উভয়টা কি সমান? তিনি বললেন, হ্যাঁ, উভয়টা সমান।’ Ñমুসতাদরাকে হাকেম

অন্য হাদিসে বর্ণিত হয়েছে, হজরত রাসুলুল্লাহ (সা.) প্রায়ই এই দোয়া করতেন, ‘হে আল্লাহ! আমি আপনার কাছে গুনাহ ও ঋণ থেকে আশ্রয় চাই। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসুল! ঋণ থেকে আপনার বেশি পরিমাণে আশ্রয় চাওয়ার কারণ কী? তিনি বললেন, মানুষ যখন ঋণগ্রস্ত হয়, তখন সে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং ওয়াদার বরখেলাপ করে।’ Ñসুনানে নাসায়ি

ঋণ গ্রহণ অপমানের প্রতীক। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যখন আল্লাহতায়ালা কোনো বান্দাকে অপমানিত ও লাঞ্ছিত করতে চান, তখন তার ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দেন।’ Ñসুনানে আবু দাউদ

সক্ষমতা থাকা সত্ত্বেও ঋণ আদায়ে গড়িমসি করা জুলুমের অন্তর্ভুক্ত। আর জুলুমের শাস্তি ভয়াবহ। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি অযথা ঋণ আদায় করবে না, সে জালেম।’ Ñসহিহ মুসলিম

অন্য হাদিসে হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ আদায়ে গড়িমসি করবে, সে প্রতিদিন, প্রতি শুক্রবার এবং প্রতি মাসে জালেম উপাধিতে ভূষিত হবে।’ Ñসুনানে তাবরানি

মনে রাখতে হবে স্ত্রীর মোহরানাও ঋণের অন্তর্ভুক্ত। এটি অনাদায়ে স্বামীর ঘাড়ে তা ঋণস্বরূপ বহাল থাকবে। হজরত শোয়াইব (রা.) থেকে বর্ণিত। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি বিয়ের সময় মোহরানা নির্ধারণ করেছে ঠিকই, কিন্তু তা আদায়ের নিয়ত ছিল না, তবে সে ব্যক্তি ব্যভিচারী হয়ে মরবে।’ Ñসুনানে তাবরানি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা