রংপুর
নভেল চৌধুরী
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৭:৪৫ পিএম
‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে অদম্য বাংলাদেশ রংপুর ইউনিট। দিবসটি উপলক্ষে ৫ জুন সোমবার আহ্বায়ক আজহারুল ইসলাম দুলালের নেতৃত্বে রংপুর বেগম রোকেয়া কলেজ প্রাঙ্গণে শতাধিক ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- প্রতিদিনের বাংলাদেশ রংপুর স্টাফ রিপোর্টার এহসানুল হক সুমন, ছন্দা রায়, বাঁধন, মুশফিকা, লাবণী, আর্নিকা, শাম্মি, হাবিবা, সুমাইয়াসহ অন্যরা।
অদম্য শামীমা সুলতানা বলেন, পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তরুণরা যদি নিজ নিজ স্থান থেকে পরিবেশদূষণ সম্পর্কে সচেতন হয় এবং বৃক্ষরোপণ করে, তবেই সুন্দর পরিবেশ উপভোগ করতে পারব আমরা।
আহ্বায়ক আজহারুল ইসলাম দুলাল বলেন, বৃক্ষ পরিবেশের বন্ধু। অক্সিজেন, খাদ্য, ওষুধসহ নানা উপকরণ দিয়ে মানবজীবনকে টিকিয়ে রেখেছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষের ভূমিকা অনেক। তাই আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা। এ ছাড়াও প্লাস্টিক দূষণ রোধে আমাদের প্লাস্টিকজাতীয় জিনিসপত্রের ব্যবহার কমাতে হবে। এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে অদম্য বাংলাদেশ রংপুর ইউনিট।