বাদল রহমান
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১৩:০১ পিএম
এতিম ও দুস্থ শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে অদম্য বাংলাদেশ কিশোরগঞ্জ ইউনিট
‘আইজকার মতো ভালা ইফতারি এর আগে পাই নাই। ইফতারির সাথে মুরগির পোলাও, ঝাল মাংস খাইলাম। আবার রাইতেও পোলাও, মুরগি খাআবাম। এই রহম খাওয়ার ব্যবস্থা যারা করাইছে আল্লাহ তাদের বালা করুক।’ আবেগে আপ্লুত হয়ে কথাগুলো বলে সরকারি শিশুসদন বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বালিকা নুরুন্নাহার। নবম শ্রেণির এতিম ছাত্রী রোকশানা জানায়, দিনিয়াতে বালা মানুষ রইছে বলেই আমরার মতো হতভাগ্যরে দেহে, ভালা খাবার দেয়। এদের লাইগ্যা দোয়া ছাড়া কিছুই করা আমার পক্ষে সম্ভব না।
৩ এপ্রিল সোমবার অদম্য বাংলাদেশ কিশোরগঞ্জ ইউনিটের উদ্যোগে শিশুসদনে এতিম ও দুস্থ শিশুদের নিয়ে এক অন্যরকম ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১১০ জন এতিম শিশুর সঙ্গে এমন ব্যক্তিক্রমী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি। এ সময় তিনি এতিমদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কিছু সময় কাটান। এমন উদ্যোগের জন্য প্রতিদিনের বাংলাদেশের পাঠক অদম্য বাংলাদেশ-এর ভূয়সী প্রশংসা করেন।
এর আগে অদম্য বাংলাদেশ কিশোরগঞ্জ ইউনিটের আহ্বায়ক বাদল রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, প্রতিদিনের বাংলাদেশের ফিচার সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএমএর সাধারণ সম্পাদক ডা. আবদুর ওয়াহাব বাদল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক ডা. হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. বাহাদুর মিয়া, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম, উপ-পরিচালক (সমাজকল্যাণ) মো. কামরুজ্জামান, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) ডা. হোসনা বেগম, উপ-পরিচালক (এনএস আই) মো. ইকবাল হোসেন, সহকারী কমিশনার শশাংক কুমার রায়, জেলা পরিষদের সদস্য কামরুন নাহার লিপি, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল জলিল, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. আলমগীর, বিশিষ্ট আলোচক অ্যাডভোকেট নাসির উদ্দীন ফারুকী, মুক্তিযুদ্ধের গবেষক জাহাঙ্গীর আলম জাহান, উদীচীর সভাপতি মো. ফিরোজ উদ্দীন ভূঁইয়া, সাংবাদিক মাজহার মান্না, আশরাফুল ইসলাম, নুর মোহাম্মদ, ছড়াকার সামিউল হক মোল্লা, সাংস্কৃতিককর্মী তাজউদ্দিন আহমেদ বকুল প্রমুখ। এ ছাড়াও কিশোরগঞ্জ জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ইফতার ও দোয়া মাহফিলে।

স্বাগত বক্তব্যে ফিচার সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ বলেন, প্রতিদিনের বাংলাদেশ দায়িত্বশীল পত্রিকা হিসেবে মানুষের পাশে সব সময় থাকবে। আমরা সমাজের অসংলগ্নতা, দুঃখ-দুর্দশার কথা যেমন বলব, তেমনি তুলে ধরতে চাই সমাজের অগ্রগতি ও উন্নয়ন। আপনারা সবাই প্রতিদিনের বাংলাদেশের পাশে থাকবেন এই প্রত্যাশা করি।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, এমন সুন্দর মানবিক উদ্যোগ আমাকে দারুণভাবে আকর্ষণ করেছে। এতিম শিশুদের আনন্দ-উচ্ছ্বাস দেখে মনটা ভরে গেল। আজকের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সবকিছুতেই সৃজনশীলতা রয়েছে। আজকের আয়োজনটি সৃজনশীল, মানবিক ও আকর্ষণীয়। এভাবেই তারা এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। তিনি আরও বলেন, প্রতিদিনের বাংলাদেশ নতুন প্রজন্মকে পথ দেখাবে। প্রগতি ও সত্যর পথে তাদের অবস্থান থাকবে। স্মার্ট বাংলাদেশ ও জাতি গঠনে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।
ইফতারের আগে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ইমরুল ইসলাম। দেশ ও জাতির সমৃদ্ধ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে শিশুসদন বালিকা বিদ্যালয়ের ১১০ জন এতিম বালিকাকে নিয়ে উন্নতমানের ইফাতার করেন অতিথিরা। শিশুদের জন্য ইফাতারের পর রাতের খাবার হিসেবে পোলাও ও মুরগির রেজালা পরিবেশন করা হয়।